চীনে সামুদ্রিক ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৯

চীনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে চলতি সপ্তাহে আঘাত হানা সামুদ্রিক ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিখোঁজ রয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে জানানো হয়।
আজ বুধবার চীনের বেসামরিক দপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়ানদংয়ে সামুদ্রিক ঝড়ের আঘাতে সাতজন নিহত হয়। ভূমিধসে নিহত হয় সাতজন।
খবরে বলা হয়, সামুদ্রিক ঝড়ের কারণে নৌদুর্ঘটনায় তিনজন জেলে নিহত ও চারজন নিখোঁজ হয়েছেন। ঝড়ে ভেঙে পড়া একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। পাশের গুয়াংজি প্রদেশে গাছ উপড়ে আরেকজন নিহত হয়। ওই প্রদেশে ১৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত ও ৪১৭টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়ানদংয়ে রোববার সামুদ্রিক ঝড়টি আঘাত হানে। এতে ওই প্রদেশে যোগাযোগ ও বিদ্যুৎব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। এই সামুদ্রিক ঝড়ের কারণে দ্রুত গতির ট্রেন চলাচল ও বিমানের কয়েক ডজন ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।
গুয়ানদংয়ের বেসামরিক দপ্তর থেকে জানানো হয়, এই সামুদ্রিক ঝড়ে প্রদেশটির অন্তত ৩৬৬ কোটি ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। ২ লাখ ৮২ হাজার ৭০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এতে ৩৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।