চীনে সি চিন পিংয়ের চিন্তাধারার পাঠ শুরু

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চিন্তাধারার পাঠ শুরু করতে চলেছে দেশটির শিক্ষাঙ্গনগুলো। শিক্ষার্থীদের হৃদয় ও মনে এই নেতার দর্শন গেঁথে দিতে চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে এ নিয়ে পড়ানো হবে, হবে গবেষণাও।
চীনের বেইজিংয়ে ১৮ অক্টোবর থেকে এক সপ্তাহ ধরে কমিউনিস্ট পার্টির ১৯তম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়। এই কংগ্রেসেই চীনের গঠনতন্ত্রে কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাওয়ের নামের পাশে দলটির বর্তমান সাধারণ সম্পাদক চিন পিংয়ের নামের ঠাঁই হয়। এর আগে চিন পিংয়ের নাম ও মতাদর্শকে চীনের গঠনতন্ত্রে সন্নিবেশিত করার পক্ষে ভোট দেন দলটির প্রতিনিধিরা।
সিয়ের মতাদর্শ গবেষণায় এরই মধ্যে চীনের অন্তত ২০টি বিশ্ববিদ্যালয় এ বিষয়ক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে। এর অর্থ, দেশটির নতুন প্রজন্মের কাছে ‘নতুন যুগের জন্য চীনা বৈশিষ্ট্যের সঙ্গে সি চিন পিংয়ের সমাজতান্ত্রিক চিন্তা’ মন্ত্রের মতো হতে চলেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর গত রোববারের খবর অনুযায়ী, এই গবেষণা ইনস্টিটিউটগুলো দৈনন্দিন জীবনের প্রতিটা ক্ষেত্রে সিয়ের চিন্তাধারা অন্তর্ভুক্তির জন্য উদ্বুদ্ধ করবে।
চীনের শিক্ষা মন্ত্রণালয়ও গতকাল সোমবার একটি নির্দেশিকা প্রকাশ করেছে। এতে উচ্চবিদ্যালয় পর্যায়ে পাঠক্রমের বাইরেও এমন কিছু কর্মসূচি রাখতে বলা হয়েছে, যাতে দেশটির কমিউনিস্ট পার্টির সঙ্গে শিক্ষার্থীদের মানসিক সংযোগ ঘটে।
চীনের হুনান প্রদেশে অবস্থিত হুনান নরমাল বিশ্ববিদ্যালয়ে নতুন প্রতিষ্ঠিত ‘সিয়ের চিন্তাধারা’ গবেষণাকেন্দ্রের প্রধান চিয়াং হংসিন দেশটির কমিউনিস্ট পার্টির মুখপাত্র হিসেবে পরিচিত পিপল’স ডেইলিকে বলেন, নিকটবর্তী এলাকা ও গ্রামগুলোতে এবং ব্যবসাক্ষেত্রে সি চিন পিংয়ের চিন্তাধারা ছড়িয়ে দিতে তাঁরা বহু বিশেষজ্ঞ ও অধ্যাপককে ওই ইনস্টিটিউটে কাজে লাগাবেন।
চিয়াং হংসিনের মতো এ রকম আরও বহু ইনস্টিটিউটের পরিচালক কয়েক দিন ধরে এ বিষয়ে চীনা সংবাদমাধ্যমগুলোকে সাক্ষাৎকার দিচ্ছেন। বেইজিংভিত্তিক গুয়াংমিং ডেইলিকে রেনমিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন সিয়ানদা বলেন, নতুন যুগের জন্য চীনের বৈশিষ্ট্যের সঙ্গে সি চিন পিংয়ের সমাজতান্ত্রিক চিন্তাধারা পাঠক্রমে সন্নিবেশিত করা হলো তাঁর বিশ্ববিদ্যালয়ের গবেষণাকেন্দ্রের অনন্য একটি দায়িত্ব।
উহান দংহু বিশ্ববিদ্যালয়ে কমিউনিস্ট পার্টির একজন সেক্রেটারি ঝৌ কিহং। পিপল’স ডেইলিকে তিনি বলেন, ‘আমাদের অবশ্যই সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের ঔদার্য স্মরণে রাখতে হবে। মস্তিষ্ক ও হৃদয়ে এই শিক্ষার প্রবেশ অবশ্যই ঘটাতে হবে।’