চীনে হাজারো মৃতদেহ পুড়িয়ে ফেলার তথ্য ঠিক নয়: ফ্যাক্ট চেকিং সংস্থা
করোনাভাইরাসে আক্রান্ত চীনের কয়েকটি অঞ্চলে উপগ্রহের মানচিত্রে উচ্চমাত্রার সালফার ডাই-অক্সাইডের উপস্থিতি দেখে তা মৃতদেহ পোড়ানো থেকে আসতে পারে বলে একাধিক সংবাদপত্রের দাবি ছিল। তবে যুক্তরাজ্যের স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থা ফুলফ্যাক্ট ডটওআরজি দাবি করেছে, সংবাদপত্রের ওই দাবি ভুল। ওই ম্যাপ তৈরিতে স্যাটেলাইট ছবি ব্যবহার করা হয়নি। এগুলো প্রকৃত চিত্র তুলে ধরে না। তারা সেখানকার বর্তমান সালফার ডাই–অক্সাইডের মাত্রা পর্যবেক্ষণ করেছেন।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা ফুলফ্যাক্টকে জানিয়েছে, ওই ম্যাপে দেখানো হয়েছে আবহাওয়াসংক্রান্ত সাধারণ পূর্বাভাস এবং সালফার ডাই–অক্সাইড নির্গমনসংক্রান্ত ঐতিহাসিক তথ্য।
চীনের উহানে সালফার ডাই–অক্সাইডের নির্গমন বেড়ে গেছে বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রথম দাবি উঠে আসে। এর মধ্যে একটি টুইটার ফিড বেশি ছড়িয়ে পড়ে। এতে বলা হয়, উহান ও চোংকিয়াংয়ে সালফার ডাই–অক্সাইডের মাত্রা বেড়ে গেছে। ওই দুটি শহরে কোভিড-১৯ করোনাভাইরাস মহামারি আকার নিয়েছে। এতে গণমৃতদেহ পোড়ানোর প্রমাণ পাওয়া যায় এবং এখান থেকেই সালফার ডাই–অক্সাইড বেড়েছে।
ফুলফ্যাক্ট বলছে, যে ছবিটি ছড়ানো হয়েছে, তা আবহাওয়ার পূর্বাভাসসংক্রান্ত ওয়েবসাইট উইন্ডি ডটকম থেকে নেওয়া। প্রচলিত আবহাওয়ার পূর্বাভাস ছাড়াও উইন্ডি বিভিন্ন দূষণকারী বিষয় যেমন নাইট্রোজেন ডাই–অক্সাইড এবং সালফার ডাই–অক্সাইডের পূর্বাভাস প্রদর্শন করে। ওই স্ক্রিনশটটি মূলত উহান এলাকার তিন দিনের পূর্বাভাস। এগুলো যেহেতু পূর্বাভাস, তাই বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই।
আবহাওয়া পর্যবেক্ষণকারী ওয়েবসাইট উইন্ডি ডটকমের ছবির বরাত দিয়ে ডেইলি মেইল ও দ্য এক্সপ্রেস ডট কম দাবি করে, চীনে করোনাভাইরাসে আক্রান্ত ১০ হাজার ব্যক্তির মৃতদেহ জ্বালিয়ে দিয়েছে দেশটি। বিশ্বব্যাপী আতঙ্কের মধ্যে উহান শহরে উচ্চমাত্রার সালফার ডাই-অক্সাইডের ব্যাপক উপস্থিতির খবর পাওয়া যাচ্ছে। আর এতে সেখানকার করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মরদেহ পুড়িয়ে ফেলার আভাস মিলছে। উহান শহর থেকেই করোনাভাইরাসের বিস্তার হয়।