চীনে ২১০০ কারখানায় উৎপাদন স্থগিতের নির্দেশ

চীনের রাজধানী বেইজিংয়ে প্রচণ্ড ধোঁয়াশা মোকাবিলায় দুই হাজার ১০০ কারখানায় উৎপাদন স্থগিত রাখতে বা কমাতে নির্দেশ দিয়েছে সরকার। আজ সোমবার এ নির্দেশ দেওয়া হয় বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়।
দেশটিতে সৃষ্ট ধোঁয়াশার কারণে গত শনিবার থেকে উচ্চপর্যায়ের ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। ২০১৩ সালে দেশটি দূষণ বিষয়ে আগাম সতর্কতা প্রকল্প গ্রহণ করে। এরপর এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই রেড অ্যালার্ট জারি করা হয়।
বেইজিংয়ের অর্থনীতি ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক পৌর কমিশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে এএফপিকে বলেন, ‘জরুরি ব্যবস্থা গ্রহণ পরিকল্পনার’অংশ হিসেবে বেইজিং ও এর উপকণ্ঠে থাকা দুই হাজার ১০০ কারখানাকে উৎপাদন বন্ধ করতে বা কমিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আর এ বিষয়টি তদারকি করতে প্রতিদিনই কারখানাগুলোতে পরিদর্শক পাঠানো হচ্ছে। সব কারখানা কর্তৃপক্ষকে এ নির্দেশ মানতে কঠোরভাবে বলা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বাতাসে থাকা ক্ষতিকর আণবীক্ষণিক কণার সহনীয় মাত্রা হচ্ছে প্রতি বর্গমিটারে সর্বোচ্চ ২৫ মাইক্রোগ্রাম। কিন্তু আজ সকালে চীনে এই কণার ঘনত্ব ছিল ১৭২ মাইক্রোগ্রাম।