চীনে 'পায়রার' আঘাতে নিহত ১৬

চীনের দক্ষিণাঞ্চলজুড়ে বুধবার শক্তিশালী ঘূর্ণিঝড় হাতোর তাণ্ডবে ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ।
বিবিসি ও এএফপির খবরে বলা হয়, হাতো নামের এ ঘূর্ণিঝড় গতকাল বুধবার দেশটির গুয়াংডং প্রদেশের ঝুহাই শহরের কাছ দিয়ে অগ্রসর হয়ে স্থলভাগে আঘাত হানে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ওই অঞ্চলে প্রবল ঝড় ও বৃষ্টি হয়। হংকং ঘূর্ণিঝড়ের সতর্কতা হিসেবে ১০ নম্বর মহা বিপৎসংকেত ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে হংকং ও পার্শ্ববর্তী ম্যাকাওতে জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। ম্যাকাওতে এ ঝড়ের আঘাতে আটজনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে এ অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ-ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে বন্যাও দেখা দিয়েছে।

জাপানি শব্দ হাতোর অর্থ ‘পায়রা’। সেই পায়রার আঘাতে চীনে এখন পর্যন্ত ১৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে চীনের মূল ভূখণ্ডের প্রায় ২৭ হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে বলা হয়, চীনা কর্তৃপক্ষ ভূমিধস, বন্যা ও অন্যান্য ভূপ্রকৃতিগত দুর্যোগের বিষয়ে সতর্কতা জারি করেছে।

হাতোর বাতাসের বেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৭৫ কিলোমিটার ছিল বলে জানিয়েছে হংকংয়ের আবহাওয়া কর্তৃপক্ষ।
ঘূর্ণিঝড়ের কারণে চীনের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, ট্রেন স্টেশন ও বিমানবন্দরগুলো বন্ধ রাখা হয়।
হাতোর কারণে হংকংয়ে ১০০ কোটি ডলার মূল্যের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
