চীনে 'সন্ত্রাসী দলের' ২৮ সদস্য গুলিতে নিহত
চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়ান অঞ্চলে ‘সন্ত্রাসী দলের’ ২৮ সদস্যকে পুলিশ গুলি করে হত্যা করেছে। আজ শুক্রবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
প্রাদেশিক সরকারের তিয়ানশান ওয়েব পোর্টালের খবরে জানানো হয়, গত ৫৬ দিনে এ হত্যার ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বরে একটি কয়লা খনিতে হামলায় ১৬ জন নিহত হওয়ার পর থেকে ওই অভিযান শুরু হয়।
জিনজিয়ানে চীনের মুসলিম জাতিগোষ্ঠী উইঘুর সম্প্রদায়ের বসবাস। সেখানে প্রায়ই অস্থিরতা বিরাজ করে। চীন সরকার সেখানে পুলিশের মাধ্যমে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। পুলিশের দাবি, সহিংসতার পেছনে থাকা বিচ্ছিন্নতাবাদী ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে এ ব্যবস্থা।
উইঘুর সম্প্রদায়ের অনেকের অভিযোগ, সরকার তাঁদের সঙ্গে বৈষম্য করছে। তাঁদের ধর্ম ও সংস্কৃতি নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে।
আজ রেডিও ফ্রি এশিয়ার (আরএফএ) এক প্রতিবেদন বলা হয়, গত সেপ্টেম্বরে আকসু কয়লা খনিতে ছুরি হামলায় পাঁচ পুলিশসহ কমপক্ষে ৫০ জন নিহত হন। নিরাপত্তা রক্ষী এবং ওই খনির মালিকের বাড়ি আর শ্রমিকদের ডরমিটরি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
এ সপ্তাহের শুরুর দিকে সরকার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে আরএফএ জানায়, কর্তৃপক্ষ সাত নারী ও শিশুসহ ১৭ সন্দেহভাজনকে হত্যা করেছে। ওই অভিযানকে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে বড় ধরনের যুদ্ধ’ হিসেবে বার্তা দেয় জননিরাপত্তা মন্ত্রণালয়। অবশ্য পরে দ্রুতই আবার তা প্রত্যাহার করে নেওয়া হয়।