চীনের গ্রামে মাওয়ের বিশাল ভাস্কর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেনান প্রদেশের প্রত্যন্ত গ্রামে মাও সেতুংয়ের ভাস্কর্য l এএফপি
হেনান প্রদেশের প্রত্যন্ত গ্রামে মাও সেতুংয়ের ভাস্কর্য l এএফপি

চীনের কমিউনিস্ট বিপ্লবের নেতা মাও সেতুংয়ের একটি বিশাল ভাস্কর্য তৈরি করেছেন তাঁর একদল ভক্ত। হেনান প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামের ওই বাসিন্দারা ৩০ লাখ ইউয়ান খরচ করে এটি তৈরি করেছেন। তাঁদের সহায়তা করেছেন স্থানীয় কিছু ব্যবসায়ী। খবর দ্য গার্ডিয়ানের।
খবরে বলা হয়, হেনান প্রদেশের কাইফেং শহরের কাছে ৩৬ মিটার উচ্চতার ভাস্কর্যটি নির্মিত হয়েছে। ভাস্কর্যটি তৈরি হয়েছে ইস্পাত ও ইট দিয়ে। এর গায়ের রং করা হচ্ছে সোনালি।
১৯৭৬ সালের সেপ্টেম্বর মাসে মারা যাওয়ার আগ পর্যন্ত চীনের সর্বময় শাসক ছিলেন মাও সেতুং, যিনি সাধারণভাবে ‘চেয়ারম্যান মাও’ নামে পরিচিত। অনেক রাজনৈতিক পরিবর্তনের পরও কমিউনিস্ট বিপ্লবের নায়ক ও গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং এখনো দেশে অনেকের কাছেই শ্রদ্ধার আসনে আসীন।
হেনানের টংসু কাউন্টির ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা গত বছরের মার্চে মাও সেতুংয়ের এ ভাস্কর্যটি নির্মাণ শুরু করেন। গত ডিসেম্বরের মাঝামাঝিতে এর কাজ শেষ হয়।
চীনের মাও সেতুং গবেষণা কেন্দ্রের ডিন লিইউ জিয়ানউ বলেন, এই ভাস্কর্যটি নেতার প্রতি শ্রদ্ধা জানাতে নির্মিত হয়েছে। তিনি বলেন, ‘সমসাময়িক চীনে মাও সেতুং সততা ও ন্যায়পরায়ণতার এক প্রতীক। ... তাই লোকে তাঁর প্রতি এমন আবেগ দেখিয়ে থাকেন।’ চীনে বিভিন্ন মানের মুদ্রায় এখনো মাও সেতুংয়ের ছবি ব্যবহৃত হয়। তিন বছর আগে শি জিনপিং দেশটির নেতা হওয়ার পর মাওয়ের কদর আরও বেড়েছে।