চীনের ঝেজিয়াংয়ে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় চান-হম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শক্তিশালী ঘূর্ণিঝড় চান-হম চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের উপকূলে শনিবার আঘাত হেনেছে। এর আগে ওই এলাকা থেকে প্রায় ১০ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল। ঝড়ে সম্পদের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর এএফপি ও বিবিসির।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, এ দুর্যোগে অঞ্চলটিতে পরিবহন ও যোগাযোগ অচল হয়ে পড়ে এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়। চান-হম ঘণ্টায় প্রায় ১৭৩ কিলোমিটার বেগে বয়ে যায়। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঝেজিয়াংয়ের চারটি বিমানবন্দরে অন্তত ৬০০ ফ্লাইট বাতিল করা হয়। একই কারণে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরীণ ১৫০টির বেশি ফ্লাইট গতকাল রোববার বাতিল করা হয়। তবে দেশটিতে আন্তর্জাতিক বিমান চলাচল অব্যাহত রয়েছে। চান-হম চীনে পৌঁছানোর আগে তাইওয়ান ও জাপানে আঘাত হানে। একই ঘূর্ণিঝড়ের আঘাতে গত সপ্তাহে ফিলিপাইনে পাঁচজন প্রাণ হারায়। জাপানে গত শুক্রবার ওই ঘূর্ণিঝড়ে অন্তত ২০ জন আহত হয়।