চীনের টেলিকম জায়ান্ট ইউনিকম নিষিদ্ধ যুক্তরাষ্ট্রে, অভিযোগ গুপ্তচরবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএফপি ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে এবার চীনের আরেক টেলিকম কোম্পানি চায়না ইউনিকমের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় নিরাপত্তা ও গুপ্তচরবৃত্তি–সংক্রান্ত উদ্বেগ জানিয়ে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) এ ঘোষণা দিয়েছে। কমিশন জানিয়েছে, ৬০ দিনের মধ্যে কোম্পানিটিকে অবশ্যই যুক্তরাষ্ট্রে টেলিকম সেবা বন্ধ করতে হবে। খবর বিবিসির।

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা বলে গত কয়েক বছরে একের পর এক চীনা প্রযুক্তি ও টেলিকম কোম্পানিকে লক্ষ্যবস্তু করছে আমেরিকা। গত অক্টোবরে চায়না টেলিকমের লাইসেন্স বাতিল করে ওয়াশিংটন। সবশেষ নিষিদ্ধের তালিকায় যুক্ত হলো চায়না ইউনিকম। মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) বলেছে, যুক্তরাষ্ট্রে কোম্পানিটির কার্যক্রম পরিচালনার অনুমতি প্রত্যাহার করে নিতে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে তারা।

এফসিসির চেয়ারপারসন জেসিকা রোজেনওয়ারসেল বলেন, ‘আমাদের টেলিযোগাযোগ নেটওয়ার্কগুলোর জন্য চীনের রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা হুমকি তৈরি করছে বলে বেশ কিছু আলামত রয়েছে। আর তাতে উদ্বেগ বাড়ছে।’

চায়না ইউনিকম কর্তৃপক্ষ বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছে, মার্কিন আইন ও বিধিনিষেধের সঙ্গে সংগতি রেখে যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম পরিচালিত হয়। দুই দশক ধরে টেলিকম সেবায় গ্রাহকদের নির্ভরযোগ্য সহযোগী হয়ে উঠতে সক্ষম হয়েছে তারা। কর্তৃপক্ষ আরও জানায়, চায়না ইউনিকম (হংকং) লিমিটেড নিবিড়ভাবে পরিস্থিতির ওপর নজর রাখছে।

ওয়াশিংটনে চীনা দূতাবাসের মন্তব্য জানতে চেয়ে তাৎক্ষণিকভাবে সাড়া না পাওয়ার কথা জানিয়েছে বিবিসি।

গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি আইনে স্বাক্ষর করেন। সিকিউর ইকুইপমেন্ট অ্যাক্ট নামের ওই আইন অনুযায়ী, নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচিত কোম্পানিগুলো নতুন টেলিকম সরঞ্জাম লাইসেন্স পাবে না। নিরাপত্তা হুমকি বলে বিবেচিত কোম্পানিগুলোর আবেদন পর্যালোচনার এখতিয়ারও আর এফসিসির কাছে নেই। এর মানে হলো হুয়াওয়ে, জেডটিই এবং আরও তিনটি চীনা কোম্পানির তৈরি সরঞ্জাম যুক্তরাষ্ট্রের টেলিকম নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না।