চীনের দিকে ভুল করে তাইওয়ানি ক্ষেপণাস্ত্র!
তাইওয়ানি একটি যুদ্ধজাহাজ থেকে আজ শুক্রবার সকালে ‘বিমানবাহী রণতরী-বিধ্বংসী’ একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র চীনের দিকে ধাবিত হয়ে পানিতে গিয়ে পড়েছে। তাইওয়ানের নৌবাহিনী দাবি করছে, শব্দের চেয়ে দ্রুত গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটি ভুল করে ছোড়া হয়েছে। এ ব্যাপারে অবশ্য বিস্তারিত কিছু জানায়নি তারা।
নৌবাহিনী বলছে, স্থানীয় সময় সকাল আটটা ১০ মিনিটে ৫০০ টন ওজনের ওই ক্ষেপণাস্ত্রটি তাইওয়ানের তসইং নৌঘাঁটির একটি যুদ্ধজাহাজ থেকে ছোড়া হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, সিউং-ফেং থ্রি (ব্রেভ উইন্ড) নামের ওই ‘বিমানবাহী রণতরী-বিধ্বংসী’ ক্ষেপণাস্ত্রটি ৩০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যে যেতে পারে। কিন্তু চীনের দিকে ৭৫ কিলোমিটার পর্যন্ত যাওয়ার পর তা তাইওয়ানি সীমার মধ্যেই পানিতে গিয়ে পড়ে।
নৌবাহিনী বলছে, ক্ষেপণাস্ত্রটি কীভাবে ছুড়ে মারা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটি ছোড়ার পেছনে ছিল মানবসৃষ্ট ভুল।
তাইওয়ান একটি দেশ হিসেবে পরিচিত হলেও চীন বরাবরই এটিকে নিজ ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে।