চীনের দুই কূটনীতিককে গুলি করে হত্যা
ফিলিপাইনে বন্দুকধারীর গুলিতে চীনের দুজন কূটনীতিক প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার মধ্যাঞ্চলীয় সেবু শহরে একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। হামলায় জড়িত থাকার সন্দেহে দুজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। খবর এএফপি ও রয়টার্সের।
পুলিশ বাহিনীর মুখপাত্র উইলবেন মেয়র বলেন, বন্দুকধারীর হামলায় সেবু শহরে অবস্থিত চীনা কনস্যুলেটের ডেপুটি কনসাল এবং অর্থ কর্মকর্তা নিহত হন। হামলায় আহত হন কনসাল জেনারেল।
গণমাধ্যমের খবরে বলা হয়, একজন চীনা নারী ওই হামলা চালিয়েছেন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তাঁর স্বামীকে। ওই নারী চীনা কনস্যুলেটের একজন কর্মী।
পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘খুব সম্ভবত ব্যক্তিগত কারণে এ ঘটনা ঘটেছে।’
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চীনা দূতাবাসের মুখপাত্র লি লিংজিয়াও বলেন, তাঁরা ঘটনাটি খতিয়ে দেখছেন। এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চার্লস জোসে।