চীনের নজর এবার গাধায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শিং, দাঁত আর হাড়গোড়ের জন্য বিশ্বজুড়ে বেঘোরে মারা পড়ছে গন্ডার, হাতি আর বাঘ। এসব বস্তুর প্রধান গন্তব্যগুলোর একটি চীন। চীনারা নানা ধরনের কবিরাজি ওষুধ বানাতে গন্ডারের শিং আর বাঘের হাড়গোড় ব্যবহার করে আসছে প্রাচীনকাল থেকেই। হাতির দাঁতে হয় গয়নার বাক্স কিংবা দামি শো-পিস। হাতি আর গন্ডারের অস্তিত্ব রক্ষায় ইতিমধ্যে আফ্রিকার অনেক দেশ প্রাণী দুটির দাঁত ও শিং রপ্তানি নিষিদ্ধ করেছে। এবার চীনের নজর পড়েছে আফ্রিকার গাধার দিকে। এতে উদ্বিগ্ন হয়ে গাধা বিক্রিতেও নিষেধাজ্ঞা আরোপ করেছে কয়েকটি দেশ।
কিন্তু চীনের কাছে নিপাট নিরীহ গাধা কেন এত মূল্যবান প্রাণী হয়ে উঠল? দেহের রক্ত সঞ্চালন বাড়ানো, ক্ষতস্থানের রক্তপাত বন্ধ করা এবং মাথা ঘোরা, নারীর অনিয়মিত ঋতুস্রাব, অনিদ্রাসহ নানা ধরনের শারীরিক সমস্যার চিকিৎসায় চীনে ‘ইজাও’ নামের একধরনের ‘ওষুধ’ ব্যবহৃত হয়। গাধার চামড়া সেদ্ধ করে প্রথমে একধরনের হালুয়ার মতো বানানো হয়। গরম পানি কিংবা অ্যালকোহলের সঙ্গে মিশিয়ে এটি খাওয়া হয়। দীর্ঘদিন সংরক্ষণের জন্য এটি আরও একটু কঠিন করে চাকতির মতো বানানো হয়। ত্বকের পরিচর্যায় গায়েও মাখা হয় ইজাও।
চীন এবং এর বাইরেও ইজাও অত্যন্ত ব্যয়বহুল ‘ওষুধ’। এর চাহিদাও অনেক। সিএনএনের হিসাব অনুযায়ী, ১৯৯০ সালেও চীনে ১ কোটি ১০ লাখ গাধা ছিল। শুধু ‘ইজাও’ উৎপাদনের কারণে সেখানে গাধার সংখ্যা ৬০ লাখে নেমে এসেছে। এ কারণে প্রাণীটি সংগ্রহে চীন এখন নজর দিয়েছে আফ্রিকায়। প্রচুর দাম পাওয়ায় আফ্রিকার ব্যবসায়ীরাও যত পারছে সরবরাহ করে যাচ্ছেন।
গত বছর নাইজার থেকে বিশেষত এশিয়ার বাজারে গাধা রপ্তানি তিন গুণ বেড়ে যাওয়ায় দেশটি এর রপ্তানি নিষিদ্ধ করেছে। নাইজারের সরকারি কর্মকর্তা আত্তে ইসা বিবিসিকে বলেন, গত বছর দেশটি থেকে ২৭ হাজার গাধা রপ্তানি হয়েছিল। আর এ বছর তার সংখ্যা ৮০ হাজারে উঠেছে। তিনি বলেছেন, ব্যাপক চাহিদার কারণে গড় দাম তিন গুণ বেড়েছে। তবু চাহিদায় ভাটা পড়েনি। এটা দেখে আফ্রিকার অনেক গাধা ব্যবসায়ী নিজেরা খামার খুলে উৎপাদনের দিকে ঝুঁকছেন।
চীনা ওষুধ বিষয়ে বিশেষজ্ঞ মাজিন আল খাফাজি দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকাকে বলেন, ‘ইজাও চীনে খুবই জনপ্রিয় একটি ঔষধি উপকরণ; এটি চিকিৎসকের পরামর্শ ছাড়াই লোকজন ব্যবহার করে থাকে।’ তিনি বলেন, সরবরাহ কম এবং প্রচুর দাম হওয়ার কারণে এখন চীনের বাজারে ভুয়া ইজাও ছড়িয়ে পড়েছে। শূকর, ঘোড়া ও খচ্চরের চামড়া সেদ্ধ করে নকল ইজাও বানানো হচ্ছে। আল খাফাজি বলেন, এটি রক্তের ঘনত্ব বাড়ায়, যা রক্তপাত বন্ধে ভালো কাজ করে। রক্তস্বল্পতায় আক্রান্তদের জন্যও ইজাও খুবই উপকারী।
আফ্রিকার আরেক দেশ বুরকিনা ফাসোর সরকারি স্বাস্থ্য বিভাগের পরিচালক আদামা মাইগা এএফপিকে বলেন, দেশটির ১৪ লাখ গাধা অতি-রপ্তানির শিকার হয়েছে। গত বছরের প্রথম তিন মাসে মাত্র এক হাজার গাধা রপ্তানি হলেও পরের নয় মাসে হয়েছে ১৮ হাজার।
ডেইলি নেশন-এর প্রতিবেদন অনুযায়ী, কেনিয়া সরকারের অনুমতি নিয়ে নাইরোবিতে দুজন চীনা ব্যবসায়ী কসাইখানা খুলেছেন। সেখানে দিনে শতাধিক গাধা জবাই করে চামড়া চীনে পাঠানো হয়। কয়েকটি দেশ এ বিষয়ে সচেতন হলেও চোরাকারবারিদের কারণে গাধা নিধন ঠেকানো যাচ্ছে না।