চীনের বায়ুদূষণের কারণে রেড অ্যালার্ট

চীন বায়ুদূষণের কারণে এ বছরে প্রথমবারের মতো রেড অ্যালার্ট জারি করেছে। কেননা আশঙ্কা করা হচ্ছে, আগামী পাঁচ দিনে পুরো বেইজিং শহর ও দেশটির উত্তরাঞ্চল ধোঁয়ায় ঢেকে যাবে। আজ বৃহস্পতিবার এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়।
চীনের বেশির ভাগ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয় কয়লাভিত্তিক বিদ্যুৎ ও তাপ উৎপাদনের কারণে। শীতকালে এই উৎপাদনের চাহিদা বেড়ে যায়; যা ধোঁয়াশা তৈরির মূল কারণ।
বেইজিংয়ের পৌর সরকার তাদের ওয়েবসাইটে এ–সংক্রান্ত এক নোটিশ দিয়েছে। সেখানে বলা হয়, ব্যক্তিগত গাড়ির নম্বর প্লেটের শেষ সংখ্যা যাদের বিজোড়, তাদের আগামীকাল শুক্রবার সকাল আটটা থেকে রাস্তায় না নামতে বলা হয়েছে। একই সঙ্গে অবকাঠামো সাইটগুলো বন্ধ থাকবে এবং কয়েকটি শিল্প স্থাপনা ও এন্টারপ্রাইজও তাদের উৎপাদন সীমিত বা বন্ধ রাখবে।
নোটিশে আরও বলা হয়, এন্টারপ্রাইজেজ ও ব্যক্তিমালিকানা প্রতিষ্ঠান চাইলে অফিসের সময় সমন্বয় করে নিতে পারে অথবা চাইলে কর্মীদের দিয়ে বাড়ি থেকেই ইন্টারনেটের সহায়তায় অফিসের কাজ করিয়ে নিতে পারেন।
কিন্ডারগার্টেনস, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে তাদের সুবিধাজনক সময়ে ক্লাস চলতে পারে অথবা বন্ধ থাকতে পারে।
তীব্র ধোঁয়াশা যখন ৭২ ঘণ্টার বেশি সময় স্থায়ী হবে বলে মনে করা হয়, তখনই রেড অ্যালার্ট জারি করা হয়। বেইজিংয়ে চার স্তরের কালার-কোডের সতর্কতা ব্যবস্থার মধ্যে রেড অ্যালার্ট সর্বোচ্চ সংকেত। গত বছরের ডিসেম্বরেও দেশটি একই কারণে রেড অ্যালার্ট জারি করেছিল।