চীনের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন মিস কানাডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনাস্তাসিয়া লিন l এএফপি
আনাস্তাসিয়া লিন l এএফপি

বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ তুলে চীনের প্রতি ক্ষোভ জানিয়েছেন কানাডার সুন্দরী আনাস্তাসিয়া লিন (২৫)। খবর এএফপির।
চীনা বংশোদ্ভূত সুন্দরী আনাস্তাসিয়া লিন গতকাল শুক্রবার বেইজিংয়ে অভিযোগ করেন, মানবাধিকার নিয়ে কাজ করার কারণেই তাঁকে আগের দিন হংকং থেকে চীন অভিমুখী একটি বিমানে উঠতে বাধা দেওয়া হয়েছে। তাঁকে প্রতিযোগিতায় অংশ নিতে বাধা দেওয়ার জন্যই এটি করা হয়।
লিন বলেন, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চীনের সমুদ্রতীরবর্তী অবকাশ নগর সানিয়াতে যেতে বাধার সৃষ্টি করছে চীনা কর্তৃপক্ষ।
গত মে মাসে মিস ওয়ার্ল্ড কানাডা খেতাব জয় করা আনাস্তাসিয়া লিন একজন অভিনেত্রী।
গত বৃহস্পতিবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের মূল ভূখণ্ড অভিমুখী একটি বিমানে উঠতে দেওয়া হচ্ছিল না লিনকে। তখন তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেছিলেন, নিজ মনোভাব প্রকাশে যাঁরা ভয় পান না, তাঁদের ওপর নিপীড়ন চালাচ্ছে চীনের কর্তৃপক্ষ।
বেইজিং পৌঁছানোর পর গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে লিন বলেন, ‘মনে হচ্ছে, মানবাধিকার ইস্যুতে আমার কাজ মনোযোগ আকৃষ্ট করায় চীন সরকার আমার ওপর ক্ষুব্ধ।’
লিন জানান, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে না পারলেও তিনি আনুষ্ঠানিকভাবে এখনো একজন প্রতিযোগী হিসেবে টিকে আছেন।
চীনা বংশোদ্ভূত কানাডার এ সুন্দরী আগে থেকেই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ও জনসমক্ষে বক্তব্য দিয়ে চীনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিন্দায় সরব। এবারের ঘটনার আগে তিনি দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তাঁর বাবার ওপর নিপীড়ন চালানোর অভিযোগ করেন। লিনের অভিযোগ ছিল, মানবাধিকার রক্ষার কাজ ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতেই তাঁর বাবাকে নির্যাতন করা হয়।