চীনের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের পর এবার ভিয়েতনাম চীনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। দেশটি অভিযোগ করেছে, এ সাগরে বানানো চীনের কৃত্রিম দ্বীপে বেইজিং গত শনিবার বিমান নামিয়ে তার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।
এর আগে চীনের ওই কৃত্রিম দ্বীপ নির্মাণ এবং গত অক্টোবরের শেষ দিকে এর পাশ দিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ অতিক্রমের ঘটনায় এ দুই দেশের মধ্যে তীব্র বাগ্যুদ্ধ শুরু হয়। এ সাগরে চীনের একক নিয়ন্ত্রণের দাবির বিরুদ্ধে ক্ষোভ জানায় যুক্তরাষ্ট্র।
বিবিসি ও এএফপির খবরে বলা হয়, ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দক্ষিণ চীন সাগরের স্প্রাটলি দ্বীপপুঞ্জের অংশবিশেষে চীন অবৈধভাবে বিমান ওঠানামার ক্ষেত্র বা রানওয়ে নির্মাণ করেছে। এ অংশ ভিয়েতনামের নিজস্ব ভূখণ্ডের অন্তর্ভুক্ত।
তবে চীন অভিযোগ নাকচ করে বলেছে, দ্বীপপুঞ্জটির ‘ফায়ারি ক্রস রিফ’ দ্বীপের ওপর সার্বভৌমত্বের অধিকারী তারা। তাই সেখানে একটি বেসামরিক বিমান নামিয়ে ওই অবতরণ ক্ষেত্রটি পরীক্ষা করা হয়েছে।
রয়টার্স বলেছে, হ্যানয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিমান অবতরণ করানো নিয়ে ভিয়েতনাম চীনের দূতাবাসের কাছে ক্ষোভ প্রকাশ করে চিঠি পাঠিয়েছে। চিঠিতে এ ঘটনার পুনরাবৃত্তি না করার জন্য আহ্বান জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, চীনের ওই কর্মকাণ্ড স্প্রাটলি দ্বীপপুঞ্জের ওপর ভিয়েতনামের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন।
শনিবার ফায়ারি দ্বীপে বিমান অবতরণের ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্রও। দেশটি বলেছে, এ ঘটনা বিরোধপূর্ণ এ সাগরের নিয়ন্ত্রণ নিয়ে এ অঞ্চলের উত্তেজনা বাড়িয়েছে।
গত বছর যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ কৃত্রিম উপগ্রহে তোলা কিছু ছবি প্রকাশ করে। এতে দেখা যায়, ওই সাগরের কয়েক লাখ বর্গমিটার এলাকা ভরাট করেছে চীন। সেখানে সামরিক বিমান ওঠানামার ঘাঁটি করছে বলে যুক্তরাষ্ট্রের ধারণা।
ওয়াশিংটন বলে আসছে, কৃত্রিম ওই দ্বীপপুঞ্জ ঘিরে সামুদ্রিক এলাকার ওপর বেইজিংয়ের দাবিকে তারা স্বীকৃতি দেয় না।
গত ২৭ অক্টোবর ইউএসএস লাসেন নামে যুক্তরাষ্ট্রের একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল মাইলের মধ্য দিয়ে অতিক্রম করে।
ঘটনার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, বেইজিং যেকোনো উসকানিমূলক তৎপরতার জবাব দেবে। মার্কিন রণতরিকে সতর্ক করতে একটি ডেস্ট্রয়ার শ্রেণির জাহাজ ও একটি ফ্রিগেটও পাঠানো হয়।