বিশ্ববিদ্যালয়েই মিলছে এইচআইভি পরীক্ষার যন্ত্র
শিক্ষার্থীরা যাতে নিজেরাই এইচআইভি পরীক্ষা করতে পারে—এমন সুযোগ করে দিয়েছে চীনের একটি বিশ্ববিদ্যালয়। ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন ক্যাম্পাসে পণ্য বিক্রির যন্ত্র (ভেন্ডিং মেশিন) থেকেই এইচআইভি পরীক্ষার সরঞ্জাম (টেস্টিং কিটস) কিনতে পারছে।
এ সুবিধা পাচ্ছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নানচং সিটিতে অবস্থিত সাউথওয়েস্ট পেট্রোলিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ইনস্ট্যান্ট নুডলসসহ অন্য স্ন্যাক্স কেনার পাশাপাশি ভেন্ডিং মেশিন থেকে এইচআইভি পরীক্ষার সরঞ্জাম কিনতে পারছে শিক্ষার্থীরা।
এইচআইভির জন্য প্রস্রাব পরীক্ষার ওই সরঞ্জামের মূল্য প্রায় সাড়ে চার ডলার। চীনে তরুণদের মধ্যে এইচআইভির সংক্রমণ দ্রুত বাড়ছে। বিশ্ববিদ্যালয়ে এইচআইভি পরীক্ষার যন্ত্র বিক্রির ব্যবস্থা এর বিরুদ্ধে চীন সরকারের লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই মনে করা হচ্ছে।
এইচআইভি/এইডস-সংক্রান্ত জাতিসংঘ কর্মসূচির (ইউএনএইডস) তথ্য অনুযায়ী, চীনে ৫০ লাখের বেশি লোক এইডসে আক্রান্ত।
নানচং শহরের বিশ্ববিদ্যালয়গুলোর করা গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এশিয়া ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির তরুণ শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি সংক্রমণ বছরে ৪৩ শতাংশ হারে বাড়ছে। এর ৮০ শতাংশই ঘটছে সমকামিতা থেকে। সমকামী তরুণেরা বিশেষভাবে এই রোগে আক্রান্ত হচ্ছে। চীনের পাঠক্রমে এইচআইভি ও এইডসের বিষয়ে সচেতনতামূলক শিক্ষা পর্যাপ্ত নয়।