চীনের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিস্ফোরণ এলাকার ধ্বংসাবশেষ থেকে বের হওয়া ধোঁয়ার কুণ্ডলী। ছবিটি স্যাটেলাইটে ধরা পড়েছে। ছবি: রয়টার্স
বিস্ফোরণ এলাকার ধ্বংসাবশেষ থেকে বের হওয়া ধোঁয়ার কুণ্ডলী। ছবিটি স্যাটেলাইটে ধরা পড়েছে। ছবি: রয়টার্স

চীনের বন্দরনগর তিয়ানজিয়ানে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১১২ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে সাত শতাধিক মানুষ। আহত ব্যক্তিদের মধ্যে ৫৮ জনের অবস্থা গুরুতর। দেশটির কর্মকর্তারা আজ রোববার এ তথ্য জানিয়েছেন।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বাতাসের গতিপথ বদলে যাওয়ায় দুর্ঘটনাস্থল থেকে অতিমাত্রায় বিষাক্ত রাসায়নিক পদার্থ সোডিয়াম সায়ানাইড ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থলে ওই উপাদান পাওয়ার পরিপ্রেক্ষিতে আশপাশের তিন কিলোমিটার এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনাস্থলের কাছাকাছি একটি বিদ্যালয়ে আশ্রয় নেওয়া লোকজনকেও সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিয়ানজিনে গত বুধবার রাতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। সরকারি কর্মকর্তারা বলছেন, ওই বিস্ফোরণে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৬ হাজার মানুষ বাড়িছাড়া হয়েছে। নিহতদের মধ্যে ২৪ জনের লাশ শনাক্ত করা গেছে। ৮৮ জনের লাশ এখনো শনাক্ত করা যায়নি। নিহত ব্যক্তিদের মধ্যে ২১ জন দমকল বাহিনীর কর্মী। উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে তাঁরা মারা যান। আহত ৭২১ জনের মধ্যে ৫৮ জনের অবস্থা গুরুতর।

তিয়ানজিয়ানে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে ক্ষতিগ্রস্ত গাড়ির সারি। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স
তিয়ানজিয়ানে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে ক্ষতিগ্রস্ত গাড়ির সারি। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

বিস্ফোরণের পর এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধান চেয়ে আত্মীয়স্বজন গতকাল সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন। তবে সরকারি কর্মকর্তারা তাঁদের সঙ্গে দেখা করতে রাজি হননি বলে অভিযোগ উঠেছে।
তিয়ানজিয়ানের বিস্ফোরণের পর দেশটির সরকার সারা দেশে বিপজ্জনক রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণে অভিযান শুরু করেছে।