চীনের রণতরির মহড়ায় উদ্বিগ্ন তাইওয়ান
চীনের বিমানবাহী রণতরি লিয়াওনিংয়ের মহড়া নিয়ে বেশ উদ্বিগ্ন তাইওয়ান। মহড়ার অংশ হিসেবে এটি সম্প্রতি তাইওয়ানের দক্ষিণ প্রান্ত অতিক্রম করেছে। এর পরিপ্রেক্ষিতে তাইওয়ান গতকাল সোমবার জানিয়েছে, তারা রণতরিটি পর্যবেক্ষণে রেখেছে।
গত রোববার তাইওয়ান ও ফিলিপাইনের মধ্যবর্তী বাশি চ্যানেল অতিক্রম করে লিয়াওলিং। এটি তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা সীমার ২০ নটিক্যাল মাইল দূর দিয়ে যায়। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল সকাল নাগাদ রণতরিটি তাইওয়ানের সর্ব দক্ষিণ প্রান্তের ৯০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। এটি দক্ষিণ-পশ্চিম দিকে যাচ্ছিল।
মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, ‘সেনাবাহিনী লিয়াওনিং পর্যবেক্ষণ করছে এবং যেকোনো অবস্থার জন্য প্রস্তুত রয়েছে। আমরা জনগণকে শান্ত ও নিরুদ্বেগ থাকার আহ্বান জানাচ্ছি।’
তাইওয়ানের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সামরিক বাহিনী এফ-১৬ যুদ্ধবিমান এবং রণতরি মোতায়েন করেছে নিজস্ব প্রতিরক্ষা সীমানায়। সেগুলো চীনের বিমানবাহী রণতরি পর্যবেক্ষণ করছে। তবে এ নিয়ে তাইওয়ানের সেনা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চায়নি।
এর আগে জাপান জানিয়েছে, গত শনিবার তারা চীনের পূর্ব চীন সাগরে চীনা রণতরিটি দেখতে পেয়েছে। লিয়াওলিংকে পাহারা দেওয়ার জন্য আরও তিনটি ডেস্ট্রয়ার জাহাজ ওই বহরে রাখা হয়েছে।