'চীনের শিক্ষা হবেনা কোনোদিনই'

তিনি স্পষ্টভাষী। অকপটে মানুষের পক্ষে কথা বলতেন। এটা চীনের সরকারের বিরুদ্ধে যেত। তাই ঠাঁই হলো নির্জন কারাকক্ষে। ২০১১ সালে টানা তিন মাস কেটে চীনের ভিন্ন মতাবলম্বী শিল্পী আই উইউইয়ের। এরপরও ছাড় নেই। অভিযোগ আনা হলো কর ফাঁকি দেওয়ার। স্রেফ রাজনৈতিক অবস্থানের জন্যই ছিল সেই অভিযোগ, এটাও মনে করেন বেশির ভাগ মানুষ। সেই অভিযোগ থেকে রেহাইয়ের পর উইউইকে কড়া নজরদারির মধ্যে রাখা হয়। এখন ইংল্যান্ডের কেমব্রিজ ৬২ বছর বয়সী এই শিল্পীর নিবাস। করোনাভাইরাসের এই সময়ে এখন সেখানে একান্তে সময় কাটান। তিনি ফোনে সিএনএনকে বলেন, 'এমন একটা সময় এসেছে যেখানে আপনি সঙ্গীহীন, কর্মহীন। নিজের ভবিষ্যত নিয়েই সবাই এখন এক ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়েছে।'
উইউইয়ের দেশ চীনের উহানে গত বছরের ডিসেম্বরে প্রাদুর্ভাব হয় করোনাভাইরাসের। এরপর সারা বিশ্বে এটি ছড়িয়ে পড়ে। চীন যেভাবে এ পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করেছে তার তীব্র সমালোচক শিল্পী উইউই। সম্প্রতি দ্য আর্ট নিউজপেপারে এক নিবন্ধে করোনাভাইরাস নিয়ে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরেছেন উইউই। তিনি লিখেছেন, চীনের কমিউনিস্ট পার্টির দমন নীতির কৌশল 'কর্তৃত্ববাদী সরকারের কার্যকারিতা প্রমাণ করেছে।
কিন্তু অন্য দেশগুলোর এই মহামারী নিয়ন্ত্রণের ব্যর্থতা যেন 'মুক্ত ও গণতান্ত্রিক সমাজের অসুবিধাগুলো' তুলে ধরছে।
উইউই মনে করেন, চীনের তথ্য চাপা দেওয়ার কারণেই আজ সমগ্র বিশ্বে ছড়িয়েছে করোনা। পশ্চিমা দুনিয়ে থেকে চীনের তথ্য চাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এই শিল্পী মনে করেন, পশ্চিমের এই অভিযোগ বেশ উপরভাসা। পশ্চিমের প্রশ্ন করতে হবে চীন কেন তথ্য চাপা দেয়?
এর উত্তর দেন এই ভাস্কর। তাঁর কথা, তথ্য নিয়ন্ত্রণ এবং বিকৃতি ছাড়া চীন চলতেই পারে না। উইউই বলেন, 'চীন সবকিছুর রাজনৈতিক ব্যবহার করে। তারা যতটা চায় ততটা সংখ্যাই জানাবে। আর পেছনে নিশ্চিত কারণ থাকে। তাদের কাছে সংখ্যা কোনো বিষয় না। ব্যক্তির কোনো মর্যাদা তাদের কাছে নেই। '
উইউই বলেন, 'কোনো কোনো সময় আপনি ব্যক্তির নামই খুঁজে পাবেন না। এরা একেবারে লাপাত্তা হয়ে যাবে। কারণ রাষ্ট্র তার নিজের ইমেজ রক্ষা করতে সদাতৎপর।'
২০০৮ সালে পশ্চিম চীনের সিচুয়ানে ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ মারা যায় বলে মনে করা হয়। সেই সময় স্কুলভবনে চাপা পড়ে অন্তত পাঁচ হাজার শিশু মারা যায়। 'রিমেমবারিং' নামের এক শিল্পকর্মে উইউই এক মায়ের করুন আর্তি তুলে ধরেছিলেন। সেখানেও সংখ্য চাপা দেওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছিল।
উইউই বলেন, 'চীনের কোনোদিন শিক্ষা হবে ন। কোন ধরণের বিপর্যয় তাদের আছে তা তাদের বিচার্য নয়। তারা একটি বিষয়ই জানে তাহলো, তারা তাদের কর্তৃত্ববাদী ক্ষমতা ব্যবহার করে কীভাবে ঘটনাতে ভিন্নখাতে প্রবাহিত হরবে। আর তাদের এই গোয়াার্তুমি আর সাফল্য তাদের আবার নতুন সংকটের মধ্যে ফেলে।'
উইউইয়ের কথা, করোনাভাইরাসের সংক্রমণের ফলে একটি কাজই হয়েছে আর তাহলো এই 'পুলিশি রাষ্ট্রটি' আরও শক্তিশালী হয়েছে। মানুষের ওপর আরও নজরদারির একটা সুযোগ সৃষ্টি হয়েছে।
উইউই বলছিলেন, '১৪০ কোটি মানুষের দেশে একটি একক ক্ষমতা। আর তারা এই ক্ষমতা বজায় রাখবে মানুষের ওপর নজরদারি করে। মানুষের মনে কী আছে, তারা কী আচরন করছে—ক্ষমতার জন্য এসব জানা চাই তাদের।'