চীনের শিক্ষাব্যবস্থায় সেই স্বাধীনতা কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনে বিশ্ববিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা আছে। শিক্ষকেরা কী বলছেন তার ওপরও নজরদারি চলে। রয়টার্স ফাইল ছবি।
চীনে বিশ্ববিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা আছে। শিক্ষকেরা কী বলছেন তার ওপরও নজরদারি চলে। রয়টার্স ফাইল ছবি।

চীনে সাম্রাজ্যবাদ পতনের ১০০ বছর পূর্তি উপলক্ষে বক্তব্য দিচ্ছিলেন ঝাং কিয়ানফান। ৪৭ বছরের এই ব্যক্তি পেকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। চীনের শিক্ষাব্যবস্থায়ও একধরনের সাম্রাজ্যবাদ দেখেন ঝাং। চান সেই সাম্রাজ্যবাদেরও পতন হোক।

চীনের শিক্ষাব্যবস্থার বদল চান দেশটির শিক্ষার্থীরাও। ঝাংয়ের বক্তব্যের সময় শ্রেণিকক্ষে উপচে পড়া ভিড় সেই সাক্ষ্য দেয়। ঝাং চান, চীনের শিক্ষাব্যবস্থায় সাংবিধানিক মূলনীতির প্রতিফলন। তবে চীনের ক্ষমতাসীন সরকারের অবস্থান উল্টো। সরকার এটিকে পশ্চিমা গণতন্ত্রের মডেলের অনুকরণ বলে মনে করে।

ঝাং বলেন, শিক্ষাব্যবস্থায় সংবিধানের মূলনীতিগুলো বাস্তবায়নে চীন পুরোপুরি ব্যর্থ হয়েছে। যেমন কথা বলার স্বাধীনতা রক্ষা করতে পারেনি। শিক্ষার্থীদের সামনে নিজেকেই উদাহরণ হিসেবে তুলে ধরেন ঝাং। বলেন, বক্তব্যের জন্য তাঁকে তিরস্কার করা হতে পারে, আবার তিনি আমন্ত্রণ না–ও পেতে পারেন। এমনকি এই বক্তব্য দেওয়ার সময় অঘটনের আশঙ্কাও করেন ঝাং। বলেন, তিনি তাঁর অনুভূতিগুলো তুলে ধরছেন। কোনো অঘটন ঘটলে ক্ষমাও প্রার্থনা করেন।

ইকোনমিস্ট সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চীনের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কনস্টিটিউশনাল স্টাডিজ প্রচলনের ঘোরবিরোধী দেশটির সরকার। চীন সরকার মনে করে, এটি পশ্চিমা মূল্যবোধের বহিঃপ্রকাশ। ২০১৫ সালে চীনা সরকার পশ্চিমা মূল্যবোধসম্পন্ন বই আমদানির ওপর কঠোর নিয়ন্ত্রণ জারি করে। দেশটির শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শ্রেণিকক্ষে সমাজতন্ত্রকে খাটো করে কোনো বক্তব্য দেওয়া যাবে না। শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীরা কী বলেন, তা নিয়ে নজরদারি করছে দেশটির সরকার। এ জন্য বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরাও।

১৫ বছর আগে চীনের সরকার মার্ক্সিজম দ্য ওরি রিসার্চ অ্যান্ড কনস্ট্রাকশন প্রজেক্টের আওতায় পাঠ্যবই ছাপায়। কিছু বিশ্ববিদ্যালয়ে এগুলো লিগ্যাল স্টাডিজের অন্তর্ভুক্ত। এ ধরনের নিয়ন্ত্রণমূলক পরিস্থিতির শিক্ষাব্যবস্থার বদল চান ঝাং। তিনি আরব বসন্ত নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা বলেন। আরব বসন্ত থেকে চীনের জনগণ উদ্বুদ্ধ হতে পারে বলেও মনে করেন তিনি।

২০০৪ সালে ঝাংয়ের ‘অ্যান ইনট্রোডাকশন টু দ্য স্টাডি অব কনস্টিটিউশনাল ল’ নামে বইটি প্রকাশিত হয়। ২০১৪ সালে বইটি আবার মুদ্রণ করা হয়। বিচার মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকা ল প্রেস ওই বইটি ছাপায়। এতে ঝাং শিক্ষাব্যবস্থায় সংবিধানের মূলনীতির বাস্তবায়নের ওপর জোর দেন।

সি চিন পিং চীনের ক্ষমতাভার নেন ২০১২ সালে। তিনি সংবিধানে বদল আনেন। এই বদল তিনি আনেন নিজের ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে। চিন পিংয়ের সময়েও সমাজতন্ত্র প্রচারের নামে চীনের সমাজব্যবস্থার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

চীনের শিক্ষা মন্ত্রণালয় কনস্টিটিউশাল স্টাডিজে কী কী পাঠ্যবই পড়ানো হয় তা জানাতে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছে। সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য এটি দরকার বলে মনে করেন চিন পিং। সে সময় ঝাংয়ের লেখা জনপ্রিয় বইগুলো সংশোধনের কাজ চলছিল। এ বইটিকে নজরে রেখেছিল কমিউনিস্ট পার্টি। প্রথম কয়েক দিনে অনলাইন বুকশপগুলো ঝাংয়ের লেখা পাঠ্যবই বিক্রি বন্ধ করে দেয়। চীনে আমাজনের ওয়েবসাইট থেকে এই বই সরিয়ে ফেলা হয়।

তবে চেষ্টা যতই হোক মানুষকে কি দমিয়ে রাখা যায়? চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ছোট ছোট বিক্ষোভ করছেন। তাঁরা কথা বলার স্বাধীনতা চান। পেকিং বিশ্ববিদ্যালয়ের চ্যাট ফোরাম অনলাইন বুকশপ থেকে পাঠ্যবই সরিয়ে ফেলার প্রতিবাদে বেশ কিছু সমালোচনামূলক মন্তব্য পোস্ট করেছে। অনেকের বক্তব্য ছিল বেশ আক্রমণাত্মক।

ঝাং চান, শিক্ষার্থীদের এই চেতনা আরও বিকশিত হোক। মেলন বিশ্ববিদ্যালয় ও অস্টিনে ইউনিভার্সিটি অব টেক্সাসে উদারনৈতিক রাজনৈতিক ধারার চর্চা বেশি চলে। ঝাং চান, এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিক্ষক এনে চীনের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া যেতে পারে। তাতে চীনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্ত চেতনা আরও বিকশিত হবে। শিক্ষার্থীদের জীবন আলোকিত হবে।