চীনের শিনচিয়াংয়ে লম্বা দাড়ি ও বোরকা নিষিদ্ধ
চীনের পশ্চিমাঞ্চলের মুসলিম-অধ্যুষিত এলাকা শিনচিয়াংয়ে লম্বা দাড়ি এবং জনসমক্ষে বোরকা নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় প্রশাসনের দাবি, ইসলামি চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাষ্ট্রীয় টেলিভিশন দেখাও বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন আদেশে ছেলেমেয়েদের সরকারি স্কুলে না পাঠানোর প্রবণতাকে নিষিদ্ধ করা হয়েছে। সরকারের পরিবার-পরিকল্পনা নীতি মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। বৈধ নথিপত্র বিনষ্ট এবং কাগজপত্র ছাড়া শুধু ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে করা যাবে না। নতুন নিষেধাজ্ঞায় আরও বলা হয়েছে, যেসব কর্মী স্টেশন এবং বিমানবন্দরের মতো জনসমক্ষের জায়গাগুলোতে কাজ করেন, তাঁরা বোরকার মতো মুখ ঢেকে রাখা পোশাক পরতে পারবেন না।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শিনচিয়াংয়ের আইনপ্রণেতারা সম্প্রতি নতুন নিষেধাজ্ঞার অনুমোদন দেন এবং এই অঞ্চলের সংবাদ প্রকাশের সরকারি ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়। এর আগেও চীনের কেন্দ্রীয় সরকার এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সে সময় উইঘুরদের পাসপোর্ট পাওয়ার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল।