চীনের সঙ্গে ভালো সম্পর্ক চান সু চি
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি প্রতিবেশী প্রভাবশালী দেশ চীনের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে চান। সু চি জানিয়েছেন, সাম্প্রতিক সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় বসার পর এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। খবর রয়টার্সের।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন সু চি। তিনি বলেন, মিয়ানমারের কোনো শত্রু নেই। তবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অনেক বেশি যত্নশীল হতে হবে। দূরের প্রতিবেশীর চেয়ে নিকট প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক অনেক বেশি সংবেদনশীল।
সামরিক শাসনের কারণে দীর্ঘ দুই দশকের পশ্চিমা বাণিজ্য ও আর্থিক নিষেধাজ্ঞার সময় চীনই ছিল মিয়ানমারের ভরসা। সামরিক সরকারের আমলে চীনের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল মিয়ানমারের সামরিক বাহিনীর। তবে মিয়ানমারে চীনের সেই একচ্ছত্র প্রভাব এখন অনেকটাই কমে এসেছে।
সু চি তাঁর সাক্ষাৎকারে নিশ্চিত করেন, মিয়ানমারের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি হবে ‘ভারসাম্যমূলক’। তিনি বলেন, ‘দূর ও কাছের সব বন্ধুর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই আমরা।’
মিয়ানমারে জাতিগোষ্ঠীভিত্তিক সশস্ত্র দলগুলোর সঙ্গে শান্তি আলোচনার প্রক্রিয়ায় চীনের ভূমিকা নিয়ে এখনো অবিশ্বাস রয়ে গেছে। গত মঙ্গলবার চীন সীমান্তসংলগ্ন কোকাং এলাকা থেকে মিয়ানমার সরকার সামরিক শাসন তুলে নেয়।
প্রেসিডেন্ট থেইন সেইন বলেন, সেখানে শান্তি পুনঃস্থাপিত হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র দল মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির লড়াইয়ের পর ওই এলাকায় সামরিক শাসন জারি করা হয়। চীনের কথিত সহায়তায় গঠিত কমিউনিস্ট পার্টি অব বার্মার সশস্ত্র সংগঠন এই সশস্ত্র দলটি।