পূর্ব চীন সাগরে বিতর্কিত জলসীমায় একাধিকবার চীনা নৌযানের প্রবেশের ঘটনায় প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক ‘ব্যাপকভাবে খারাপ হচ্ছে’ বলে সতর্ক করে দিয়েছে জাপান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিসিদা বলেছেন, এসব ‘আক্রমণের’ প্রতিবাদে তিনি জাপানে চীনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠান। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়েছে।
গত শুক্রবার চীনের ২৩০টি মাছ ধরার নৌকা এবং কোস্টগার্ডের নৌযান বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জে নোঙর করে। ওই দ্বীপগুলোকে চীন-জাপান উভয়েই নিজেদের দাবি করে। জাপান-নিয়ন্ত্রিত জনবসতিহীন দ্বীপপুঞ্জটি জাপানে সেনকাকু ও চীনে দিয়াউ নামে পরিচিত। গত সোমবার জাপানের কোস্টগার্ড অভিযোগ করে, চীনা কোস্টগার্ডের চারটি জাহাজ তাদের নিয়ন্ত্রিত দ্বীপের কাছে আসে। এগুলোর মধ্যে অস্ত্রসজ্জিত জাহাজও ছিল।
ওয়েবসাইটে দেওয়া বিবৃতি অনুযায়ী, জাপানের পররাষ্ট্রমন্ত্রী কিসিদা সে দেশে চীনের রাষ্ট্রদূত চেং ইয়াংহুয়াকে বলেন, ‘জাপান-চীনের সম্পর্ক ব্যাপকভাবে খারাপ হচ্ছে। চীন যেভাবে উত্তেজনা সৃষ্টি করে যাচ্ছে তা কখনোই গ্রহণযোগ্য নয়।’
কিসিদা বলেন, গত শুক্রবার থেকে তিনি নৌযান প্রত্যাহার করে নেওয়ার জন্য চীনকে বলে আসছেন।
বৈঠকের পর চীনা রাষ্ট্রদূত বিরোধপূর্ণ জলসীমায় তাঁদের দাবির বিষয়টি পুনর্ব্যক্ত করেন। দুই দেশের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। রাষ্ট্রদূত চেং বলেন, চীনের মাছ ধরার পরিমাণ বেড়ে যাওয়ায় এসব নৌযানের দেখভালের জন্যই কোস্টগার্ডের জাহাজগুলো মোতায়েন করা হয়।
গত জুলাই মাসে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চীন সাগরের দক্ষিণ অংশে দেশটির একক ঐতিহাসিক মালিকানার দাবিকে নাকচ করে রায় দেয়। তবে চীন ওই রায় প্রত্যাখ্যান করে।