দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পর্যবেক্ষক রাষ্ট্র চীনকে এর পূর্ণ সদস্যপদ দেওয়ার পাকিস্তানি প্রস্তাবের বিরোধিতা করেছে ভারত। মনে করা হয়, দক্ষিণ এশীয় অঞ্চলে প্রভাববলয় বাড়াতে সার্কের সদস্য হতে চায় চীন। তবে এ আঞ্চলিক জোটের বৃহৎ শক্তি ভারতের আপত্তিতে এটি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা দৃশ্যত ক্ষীণ। খবর রয়টার্সের।
গত মঙ্গলবার সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে চীন ও দক্ষিণ কোরিয়ার বর্তমানের পর্যবেক্ষকের মর্যাদা বাড়ানোর প্রস্তাব করে পাকিস্তান। পুরোনো বন্ধু পাকিস্তান চীনকে সার্কে দেখতে বেশি আগ্রহী। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র মঙ্গলবার বলেন, ‘আমরা যদি সার্কের সীমানা বাড়াতে চাই তবে আগে দরকার বর্তমান সার্ক সদস্যদেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো।’
পর্যবেক্ষকেরা বলছেন, আঞ্চলিক পরাশক্তি চীনের একটি বিকল্প শক্তি হিসেবে সার্ককে গড়ে তুলতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ জন্য এবার সদস্যদেশগুলোর মধ্যে যোগাযোগ ও জ্বালানি খাতে সহযোগিতার প্রস্তাব তোলেন তিনি। তবে পাকিস্তানের বিরোধিতায় মোদির আশা পূর্ণ হয়নি।
চীনকে সার্কের সদস্য হিসেবে দেখতে আপত্তি নেই নেপালেরও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাহাদুর পান্ডে বলেছেন, সার্কের আট সদস্যরাষ্ট্র একমত হলে চীনের সদস্য হতে সমস্যা নেই। এ কথা বলার পেছনে নেপালে চীনের বিপুল বিনিয়োগ হয়তো প্রণোদনা হিসেবে কাজ করেছে।
কাঠমান্ডুর যে ভবনে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, ২৭ বছর আগে সেটি তৈরি হয়েছিল চীনেরই আর্থিক সহায়তায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বন্দর ও বিদ্যুৎকেন্দ্রের মতো প্রকল্পে ব্যাপক বিনিয়োগ করেছে চীন। এখন সার্কের সদস্য হলে এই প্রভাব যে বাড়বে, তা বলা বাহুল্য।
এবারের সার্ক সম্মেলনে চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিউ জিনমিন দেশের প্রতিনিধিত্ব করছেন। গত সপ্তাহে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার কাঠমান্ডু ব্যুরোর পক্ষ থেকে একটি পত্রিকা বিলি করা হয়। পত্রিকাটির কয়েক পাতাজুড়ে ছিল চীনের সার্কের পূর্ণ সদস্য হওয়ার বিষয় নিয়ে নানা লেখা। মঙ্গলবার চীনের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, সার্কের কার্যক্রমের সঙ্গে সংযুক্ত হতে চীন খুবই আগ্রহী।