চীনের সবচেয়ে বড় হুমকি জলবায়ু পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব পড়বে চীনের ওপর। এর ফলে দেশটির কৃষি উৎপাদন কমে যেতে পারে। বড় ক্ষতি হতে পারে পরিবেশেরও। চীনের শীর্ষস্থানীয় আবহাওয়া বিজ্ঞানী ও আবহাওয়া প্রশাসনের প্রধান ঝাং গুয়াগং গতকাল রোববার এ কথা বলেছেন। চীনের সরকারি পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে এই প্রথম কেউ কথা বললেন। খবর বিবিসির।
আবহাওয়াবিদ ঝাং বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, দেশটির অবকাঠামো খাতের ওপর জলবায়ু পরিবর্তনের ভয়ানক প্রভাব পড়তে পারে। বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির হারের চেয়ে চীনে তাপমাত্রা বৃদ্ধির হার ইতিমধ্যে অনেক বেশি। ২০৩৩ সাল নাগাদ চীনে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ক্ষতিকর গ্যাসের বৃদ্ধির হার সর্বোচ্চ মাত্রায় পৌঁছাবে।
চীন বিশ্বের সবচেয়ে বড় দূষণকারী দেশ। কার্বন ডাই-অক্সাইডসহ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী গ্যাসগুলোর নির্গমন রোধ করতে চীন এখনো পর্যন্ত কোনো লক্ষ্য নির্ধারণ করেনি।
উষ্ণ তাপমাত্রার ফলে চীনে ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং জলবায়ু দুর্যোগের’ আশঙ্কা ক্রমেই বেড়ে যাচ্ছে বলে মনে করেন চীনের আবহাওয়া প্রশাসনের প্রধান ঝাং গুয়াগাং। তিনি বলেন, এর ফলে আরও খরা দেখা দেবে, তাপমাত্রা বাড়তেই থাকবে, বাড়বে ঝড়-বৃষ্টি। আর এসবের ফলে নদীর প্রবাহ বাড়তেই থাকবে। যার ফলে ফসলহানি এবং অবকাঠামোর ক্ষতি হবে। ইয়াংসি নদীতে স্থাপিত থ্রি জর্জেস ড্যামের মতো জলবিদ্যুৎ অবকাঠামোও ঝুঁকির মুখে পড়তে পারে।
ভবিষ্যতে কার্বন নির্গমনের হার কমানোয় ব্যবস্থা নিতে চীনের প্রতি আহ্বানও জানান ঝাং। বিভিন্ন সময় চীনের সরকারি কর্তৃপক্ষ বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টি স্বীকার করে নিলেও কখনো এই সমস্যার ফলে ক্ষতির দিকগুলো নিয়ে বিস্তারিত কথা বলেনি।
ঝাং বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অতীত এবং ভবিষ্যতের প্রতিবন্ধকতাগুলোর মুখোমুখি হতে গেলে আমাদের প্রকৃতিকে ভালোবাসতে হবে। আর প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতে হবে। প্রকৃতিকে আমাদের প্রাধান্য দিতেই হবে। এর পাশাপাশি জলবায়ু নিরাপত্তার দিকে জোর দিতে হবে।’
চীন এবং যুক্তরাষ্ট্র মিলিতভাবে বিশ্বের ৪৫ শতাংশ কার্বন নির্গমনের জন্য দায়ী। দুটি দেশ এ বছরের নভেম্বরে প্যারিসে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে অংশ নিচ্ছে। ওই সম্মেলনে ২০২০ সালের মধ্যে কার্বন নির্গমনের হার কমানোর লক্ষ্য নিয়ে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
চীনে দশকব্যাপী চলা ব্যাপক অর্থনৈতিক অগ্রগতির জন্য জ্বালানি চাহিদা বিশেষ করে কয়লার চাহিদা ব্যাপক হারে বেড়ে গেছে।
বিজ্ঞানীরা মনে করেন, কার্বন নির্গমনের হার রোধ করতে এযাবৎ কার্বন নির্গমনের হার কমানোর যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পর্যাপ্ত নয়।