চীনের সাবেক জেনারেলের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুও বক্সিওং
গুও বক্সিওং

চীনে দুর্নীতির দায়ে একজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একটি সামরিক আদালত এ রায় দিয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ৭৪ বছর বয়সী গুও বক্সিওং তাঁর প্রভাব ব্যবহার করে ঘুষ নিয়ে অন্যদের পদোন্নতি দেন বলে অভিযুক্ত করা হয়। এ ঘটনার দায়ে তাঁর ‘র‍্যাংক’ ফিরিয়ে নেওয়া হয়েছে এবং তাঁর ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রায় চার বছর আগে ক্ষমতা গ্রহণের পর থেকেই দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করে আসছেন। এর অংশ হিসেবে উচ্চ পর্যায়ের কয়েক ডজন কর্মকর্তাকে কারাগারে আটক রাখা হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত গুও ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। এই কমিশন দেশটির সশস্ত্র বাহিনী পিপলস লিবারেশন আর্মি পরিচালনার দায়িত্ব পালন করে। এ ছাড়া ওই সময় গুও কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর ২৫ সদস্যের অন্যতম সদস্যও ছিলেন। গত বছর কমিউনিস্ট পার্টির এক তদন্তে তাঁর দুর্নীতির তথ্য পাওয়ার পর তাঁকে পার্টি থেকে বহিষ্কার করা হয়।

গুও কী পরিমাণ আর্থিক দুর্নীতি করেছেন—সিনহুয়ার প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। কিন্তু গত এপ্রিলে একটি সূত্র চায়না মর্নিং পোস্ট পত্রিকাকে জানায়, এক কোটি ২৩ লাখ ডলার ঘুষ নেওয়ার জন্য গুওকে বিচারের মুখোমুখি করা হয়। গুও তাঁর অপরাধ স্বীকার করে রায় মেনে নিয়েছেন এবং এর বিরুদ্ধে আপিল করবেন না বলে জানিয়েছে সিনহুয়া।
গুও বক্সিওংয়ের ছেলেও মেজর জেনারেল পদমর্যাদায় দেশটির সশস্ত্রবাহিনীতে দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে।