চীনের সামরিক ব্যয় বাড়ছে ১০ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর চীন সামরিক খাতে ব্যয় ১০ শতাংশ বাড়াবে। চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) মুখপাত্র ফু ইং গতকাল বুধবার এ কথা জানান। খবর বিবিসির।
সামরিক খাতে ব্যয়ের দিক থেকে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। এই খাতে সবচেয়ে বেশি ব্যয় করে যুক্তরাষ্ট্র। চীনের চেয়ে যুক্তরাষ্ট্রের ব্যয়ের পরিমাণ অনেক বেশি।
কয়েক বছর ধরে চীনের সামরিক ব্যয় বেড়েই চলেছে। গত বছর সামরিক খাতে চীনের ব্যয় ১২ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৩ হাজার কোটি ডলারে। আর ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সামরিক ব্যয়ের জন্য ৫৮ হাজার ৫০০ কোটি ডলার বরাদ্দ চেয়েছেন।
সামরিক খাতে চীনের ব্যয় বাড়ানোর এই সিদ্ধান্ত প্রতিবেশী দেশগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেই মনে করা হয়। ব্যয় বাড়ানোর কারণ হিসেবে দেশটির সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) আধুনিকায়নের কথা বলা হয়েছে। প্রযুক্তির ক্ষেত্রে নতুনত্ব আনতেই এই ব্যয় হবে। এর মধ্যে আছে যুদ্ধবিমান এবং ডুবোজাহাজ সংযোজন। সংখ্যায় চীনা সেনাবাহিনী বিশ্বের বৃহত্তম।
চীন তার নৌবাহিনীর আধুনিকায়নের ওপরও জোর দেবে।
সাম্প্রতিক সময়ে চীন তার প্রতিবেশী জাপান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিতর্কে কঠোর অবস্থান নেয়। এর ফলে এই অঞ্চলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এর ধারাবাহিতায় জাপান তার সামরিক ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ব্যয় বাড়ায় চীনের সঙ্গে স্থলসীমান্ত বিরোধ থাকা ভারতও। যুক্তরাষ্ট্র মনে করে, চীন তার সামরিক ব্যয়ের বিষয়টি সব সময় কমিয়ে বলে। তাদের প্রকৃত ব্যয় আসলে আরও বেশি।