চীনের হুমকি মাথায় রেখে ইউক্রেন যুদ্ধে নজর তাইওয়ানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা অনেক বেড়ে গেছে
ছবি: রয়টার্স

ইউক্রেনে রাশিয়ার হামলা ও দেশটির প্রতিরোধের বিষয়টি বিশ্লেষণ করছেন তাইওয়ানের সামরিক কৌশলবিদেরা। বৃহৎ প্রতিবেশী চীন যদি কখনো তাইওয়ানের বিরুদ্ধে ‘বল প্রয়োগ’ করে, বিষয়টি মাথায় রেখে নিজস্ব যুদ্ধকৌশলের জন্য এ কাজ করছে তাইপে। গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনে রুশ হামলা আজ ১০ মার্চ ১৫তম দিনে গড়িয়েছে। পশ্চিমা গোয়েন্দাদের ভাষ্য, ইউক্রেনে রাশিয়া পরিকল্পনামাফিক অগ্রসর হতে পারছে না।

সমরশক্তির বিবেচনায় ইউক্রেনের চেয়ে রাশিয়া অনেক বেশি শক্তিশালী। তা সত্ত্বেও যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বাহিনীর ‘ভালো’ করছে। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতি ধীর করে দিতে সক্ষম হয়েছে ইউক্রেন।

তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ডের অংশ মনে করে চীন। তাই চীনা কর্তৃপক্ষ তাইওয়ানকে মূল ভূখণ্ডে পুনরেকত্রীকরণ করতে চায়।

অন্যদিকে তাইওয়ান নিজেকে সার্বভৌম বলে দাবি করে।

এ নিয়ে চীন ও তাইওয়ানের মধ্যকার বিরোধ অনেক দিনের। তবে সম্প্রতি চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা অনেক বেড়ে গেছে। তাইওয়ানকে নিশানা করে চীন তার সামরিকসহ অন্যান্য তৎপরতা জোরদার করে চলছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ‘অপ্রতিসম যুদ্ধ’কৌশলে আস্থাশীল তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন।

তাইওয়ানের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির চায়না মিলিটারি অ্যাফেয়ার্স স্টাডিজের গ্র্যাজুয়েট ইনস্টিটিউটের পরিচালক মা চেং-কুন বলেন, রুশ বাহিনীর বিরুদ্ধে ঠিক একই কৌশল ব্যবহার করছে ইউক্রেনের বাহিনী।

চীনা নীতির বিষয়ে তাইওয়ান সরকারের উপদেষ্টা মা চেং-কুন বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী অপ্রতিসম যুদ্ধের পূর্ণ ব্যবহার করছে। তারা খুব কার্যকরভাবে তা করছে। আর এখন পর্যন্ত তারা সফলভাবে রাশিয়ার অগ্রযাত্রাকে আটকে রেখেছে।

মা চেং-কুন বলেন, ইউক্রেনের এই যুদ্ধদক্ষতা (পারফরম্যান্স) থেকে তারা (তাইওয়ানের বাহিনী) নিজেদের ব্যাপারে আরও বেশি আত্মবিশ্বাসী হতে পারে।

বিবিসি অনলাইনের লাইভে জানানো হয়, তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং আজ বৃহস্পতিবার চীনকে সতর্ক করে বলেছেন, মস্কোর মতো বেইজিং যদি একই ধরনের আক্রমণ চালানোর চেষ্টা করে, তবে উভয়কেই (চীন ও তাইওয়ান) চড়া মূল্য দিতে হবে।

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা শান্তভাবে ঘটনাপ্রবাহ দেখছি। আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।’