
বিতর্কিত দক্ষিণ চীন সাগরের বিভিন্ন দ্বীপের ওপর চীনের ‘ঐতিহাসিক অধিকারের’ দাবির কোনো আইনি ভিত্তি নেই। তা ছাড়া দেশটি ফিলিপাইনের সার্বভৌম অধিকার লঙ্ঘন করেছে। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক একটি ট্রাইব্যুনাল এক রায়ে এ কথা ঘোষণা করেছেন।
চীনের ওই দাবির বিরুদ্ধে ফিলিপাইন ২০১৩ সালে আন্তর্জাতিক সালিস আদালতে একটি মামলা করে। এর পরিপ্রেক্ষিতে দেওয়া এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে ফিলিপাইন। তবে এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটি বলেছে, তারা এই সিদ্ধান্ত মানে না এবং একে স্বীকৃতি দেবে না। বেইজিং এ মামলায় নিজেকে জড়ানোর কথা নাকচ করে বলেছে, এ ইস্যুতে সিদ্ধান্ত দেওয়ার ট্রাইব্যুনালের কোনো এখতিয়ার নেই।
ওই সাগরের বিভিন্ন দ্বীপের মালিকানা নিয়ে জড়িয়ে পড়া এ অঞ্চলের দেশগুলোর দীর্ঘ দিনের তিক্ত বিবাদ চলার মধ্যে দেওয়া এ রায়ে তাদের পারস্পরিক সম্পর্কে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ ও পূর্ব চীন সাগরের প্রায় পুরোটাই দাবি করে আসছে চীন। সেখানকার একাধিক দ্বীপের মালিকানা নিয়ে ফিলিপাইন, ভিয়েতনাম, ব্রুনাই, মালয়েশিয়া, তাইওয়ানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি প্রতিবেশী দেশের মধ্যে বিরোধ রয়েছে। তাই খনিজ সম্পদে সমৃদ্ধ ওই এলাকায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে।
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় চীনের তৈরি কৃত্রিম দ্বীপ এলাকায় যুক্তরাষ্ট্র গত বছরের শেষ নাগাদ একটি যুদ্ধজাহাজ পাঠায়। মার্কিন যুদ্ধজাহাজের এ উপস্থিতিকে এশীয় পরাশক্তি চীনের বিরুদ্ধে বড় ধরনের প্রতীকী চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছিল। ওই ঘটনার প্রতিক্রিয়ায় বেইজিং বলেছিল, যুক্তরাষ্ট্রের এ কাজ ‘অবৈধ’ এবং এটি চীনের ‘সার্বভৌমত্বের প্রতি হুমকি’।
দক্ষিণ চীন সাগর ইস্যুতে সর্বশেষ গত ৫ জুন বাগ্যুদ্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। এই সাগরের আকাশে বিদেশি বিমানের চলাচল নিয়ন্ত্রণে চীনের ‘এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন (এডিআইজেড)’ স্থাপনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
উত্তপ্ত এ পরিস্থিতির মধ্যে নেদারল্যান্ডসের হেগ-ভিত্তিক আন্তর্জাতিক সালিস আদালত ‘পারমানেন্ট কোর্ট অব আরবিট্রেশন’ এক রায়ে বলেছেন, ট্রাইব্যুনাল এই সিদ্ধান্তে এসেছেন যে নাইন-ড্যাশ লাইনের আলোকে ওই সাগরের ওপর চীনের ঐতিহাসিক অধিকার থাকার দাবির কোনো আইনি ভিত্তি নেই।
জাতিসংঘের ‘কনভেনশন অন দ্য ল অব দ্য সি’র স্পষ্ট লঙ্ঘন করে চীন তার ‘নাইন-ড্যাশ লাইন’ মতবাদের আলোকে ওই সাগরের ওপর তার ‘তর্কাতীত’ দাবি রয়েছে বলে ঘোষণা করে আসছে। কিন্তু জাতিসংঘের কনভেনশন বলে, উপকূলীয় রাষ্ট্র আন্তর্জাতিক জলসীমায় নিজের অধিকার দাবি করতে পারে না।
রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, এ সাগরের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ফিলিপাইনের মৎস্য শিকার ও পেট্রোলিয়াম অনুসন্ধানে বাধা দিয়ে এবং কৃত্রিম দ্বীপপুঞ্জ নির্মাণ ও নিজ জেলেদের মৎস্য শিকার ঠেকাতে ব্যর্থ হয়ে দেশটির সার্বভৌম অধিকার লঙ্ঘন করেছে চীন।
রায়ে সন্তোষ প্রকাশ করে ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট রদ্রিগো দুতারেত বলেছেন, ইতিবাচক এমন রায়ের ব্যাপারে তিনি আশাবাদী ছিলেন। অবশ্য চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনার প্রস্তাব দেন তিনি। এ-ও প্রতিশ্রুতি দেন, রায়কে কেন্দ্র করে তিনি কোনো কিছু জাহির করবেন না।
রায় প্রত্যাখ্যান করে চীন বলেছে, দক্ষিণ চীন সাগরে তার দ্বীপপুঞ্জকে ঘিরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও সেখানে কার্যক্রম চালাতে চীনা জনগণের দুই হাজার বছরের বেশি সময়ের দীর্ঘ ইতিহাস রয়েছে।
এদিকে রায়ের প্রতি চীনকে সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।