ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে চলমান পারমাণবিক আলোচনা ‘চূড়ান্ত ধাপে’ প্রবেশ করেছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিয়াস গতকাল রোববার এ মন্তব্য করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও বলেছেন, ভিয়েনা সংলাপ ‘কিছু সত্যিকারের সিদ্ধান্ত’ পেতে যাচ্ছে। চুক্তির ব্যাপারে তিনি আশাবাদী। খবর এএফপি, রয়টার্স ও দ্য গার্ডিয়ানের।
গ্রিসের ঋণসংকট নিয়ে ফরাসি মন্ত্রিসভার জরুরি বৈঠকে অংশ নিতে প্যারিসে গিয়ে গতকাল আবার ভিয়েনায় ফেরেন পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিয়াস। এসেই তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি আশা করি, শেষ পর্যন্ত এই দীর্ঘ সংলাপ চূড়ান্ত ধাপে প্রবেশ করেছে।’
ফ্যাবিয়াস জানান, তিনি রোববার সন্ধ্যা পর্যন্ত ভিয়েনায় কয়েকটি বৈঠকে অংশ নেবেন। এর মধ্যে একটি বৈঠক হবে জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি পরিদর্শনবিষয়ক সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধানের সঙ্গে।
অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, ভিয়েনা সংলাপ কিছু সত্যিকারের সিদ্ধান্ত পেতে যাচ্ছে। এ পর্যায়ে এসে একটি চুক্তির ব্যাপারে তিনি আশাবাদী। তবে আলোচকদের সামনে ‘কয়েকটি কঠিন কাজ’ রয়ে গেছে বলেও সতর্ক করে দেন তিনি।
কূটনীতিকেরা আজ সোমবারের মধ্যেই একটি চূড়ান্ত চুক্তির সম্ভাবনা দেখছেন। চূড়ান্ত চুক্তির তৃতীয় দফা সময়সীমা পেছানোর পর ৭২ ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়, যা আজই শেষ। এর আগে কয়েকটি বিষয়ে মতপার্থক্য থাকলেও বর্তমানে মাত্র একটি ইস্যুতে সমঝোতা আটকে আছে বলে জানা গেছে। সেটি হলো ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি।
ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সঙ্গে গত ১২ বছরের বেশি সময় ধরে চলমান বিরোধের অবসান ঘটাতে অস্ট্রিয়ার ভিয়েনায় এই সংলাপ চলছে।