প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তাঁর সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার হবে ছয় বিশ্বশক্তির সঙ্গে করা পরমাণু চুক্তিকে যুক্তরাষ্ট্রের হাত থেকে রক্ষা করা। ইরানের পার্লামেন্টে গতকাল রোববার তিনি এ কথা বলেন। নতুন মন্ত্রিসভা নির্বাচন বিষয়ে পার্লামেন্টে বিতর্কের শেষ দিন ছিল গতকাল। রুহানি বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে পরমাণু চুক্তির পেছনে দাঁড়ানো এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য শত্রুকে এ ক্ষেত্রে বিজয়ী হতে না দেওয়া।’ তিনি আরও বলেন, ‘পরমাণু চুক্তির পক্ষে দাঁড়ানোর অর্থ ইরানের শত্রুদের বিরুদ্ধে দাঁড়ানো।’ এর আগে গত সপ্তাহে ইরান ইঙ্গিত দিয়েছিল, যুক্তরাষ্ট্র যদি নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখে তাহলে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাবে তেহরান।