ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে আলোচনা ৪৮ ঘণ্টার মধ্যে শেষ হবে। এ কথা জানিয়ে এক পশ্চিমা কূটনীতিক গতকাল মঙ্গলবার রাতে বলেছেন, এ সময়ের মধ্যে চুক্তি হলে হবে, নইলে না। এ জন্য অনির্দিষ্টকাল ধরে আলোচনা চলতে পারে না। খবর এএফপি ও রয়টার্সের।
অস্ট্রিয়ার ভিয়েনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা চলছে। গতকাল আলোচনার ফাঁকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ফেদেরিকা মেগেরিনি সাংবাদিকদের বলেন, ‘আগামী কয়েক দিনও আমরা আলোচনা চালিয়ে যাব।’ উভয় পক্ষের প্রতিনিধিরা গতকাল জানান, অন্য যেকোনো সময়ের চেয়ে চূড়ান্ত চুক্তি ‘এখন হাতের নাগালের’ মধ্যে।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ২০১৩ সালের অন্তর্বর্তী চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত ৩০ জুন। এর মধ্যে চূড়ান্ত চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু বেশ কিছু বিষয়ে উভয় পক্ষ একমত হতে না পারায় নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত চুক্তি হয়নি। তবে চুক্তির বিষয়ে আলোচনা চলতে থাকে। গতকালের মধ্যে চুক্তিতে উপনীত হওয়ার কথা ছিল।
এই দিনই নতুন করে এর মেয়াদ শুক্রবার পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারি হার্প। তিনি বলেন, ‘জয়েন্ট পয়েন্ট অব অ্যাকশনের (২০১৩ চুক্তি) নানা দিক নিয়ে সমঝোতা আলোচনা চালিয়ে যেতে আমরা এই অতিরিক্ত সময় দিচ্ছি।’
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের দেশগুলোর অভিযোগ, ইরান পারমাণবিক বোমা তৈরির উদ্দেশ্যে প্রকল্প চালিয়ে আসছে।