দুই সপ্তাহের মধ্যে তৃতীয় দফা বাড়ল ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার সময়। ইরান ও ছয় বিশ্বশক্তির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সোমবারের মধ্যে চূড়ান্ত মতৈক্যে পৌঁছতে হবে তাদের। খবর দ্য গার্ডিয়ান ও এএফপির।
অস্ট্রিয়ার ভিয়েনায় আলোচনারত উভয় পক্ষই বলছে, গত দুই সপ্তাহের আলোচনায় অগ্রগতি হয়েছে। কিন্তু গত শুক্রবার রাতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, এই অগ্রগতি ‘কষ্টকর রকম ধীর’। তিনি ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিয়াস শুক্রবার রাতে ভিয়েনা ছাড়ার পর গতকাল শনিবারই আবার আলোচনায় যোগ দিতে ফিরে আসেন।
মার্কিন কংগ্রেসের বেঁধে দেওয়া সময়সীমা অনুসারে, শুক্রবারের মধ্যেই চুক্তি হওয়ার কথা ছিল। তা না হওয়ায় মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা জানান, একটি চূড়ান্ত চুক্তির জন্য আরও আলোচনার স্বার্থে তাঁরা আগামীকাল সোমবার পর্যন্ত সময় বাড়াচ্ছেন।
তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে গত ১২ বছরের বিরোধ অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির এই আলোচনা চলছে। সম্ভাব্য চূড়ান্ত চুক্তির আওতায় ইরান তার পারমাণবিক কর্মসূচি কমিয়ে আনবে, যাতে করে পাশ্চাত্য আশ্বস্ত হতে পারে যে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। বিনিময়ে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইইউর বিভিন্ন অবরোধ ও নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবে ইরান।
চলমান আলোচনা গতকাল টানা ১৫ দিনে গড়ালেও অচলাবস্থার অবসান হবে তা নিশ্চিত নয়। এরই মধ্যে গতকাল একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, আলোচনা শেষ হওয়ার আসলে কোনো সময়সীমা নেই। চলমান অচলাবস্থার অবসান ঘটাতে আলোচনার সময় আরও বাড়ানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘একটি ভালো চুক্তির জন্য আমাদের কোনো সময়সীমা নেই।’
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ অন্যরা আগেই সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়াশিংটনের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মাসের পর মাস আলোচনা চলতে পারে না। প্রয়োজন হলে তাঁরা আলোচনা থেকে বেরিয়ে যাবেন।
দুই পক্ষের মধ্যে আলোচনায় অনেক ক্ষেত্রে সমঝোতা হলেও কয়েকটি বিষয়ে এখনো মতপার্থক্য রয়েছে। এর মধ্যে রয়েছে তেহরানের ওপর বিদ্যমান জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা, যা অব্যাহত রাখতে চায় পাশ্চাত্য। এ ছাড়া ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকার চায় পাশ্চাত্য। এর মাধ্যমে তারা দেখতে চায়, দেশটি অতীতে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেছে কি না। এ বিষয়ে আপত্তি রয়েছে তেহরানের।
পাশ্চাত্যের সঙ্গে ইরানের সম্পর্কে দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটাতে প্রায় দুই বছর ধরে এই আলোচনা চলছে। এর আগে গত বছরের নভেম্বরে উভয় পক্ষ একটি অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছায়। আর গত এপ্রিলের শুরুতে উভয় পক্ষ একটি কাঠামো চুক্তির ব্যাপারে একমত হয়। ওই কাঠামো চুক্তির ভিত্তিতে গত ৩০ জুনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি হওয়ার কথা ছিল। এর মধ্যে মতৈক্য না হওয়ায় সব মিলিয়ে তিনবার সময় বাড়ানো হলো।