ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার সময়সীমা ৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। টানা আলোচনার পর গতকাল মঙ্গলবার ইরান ও ছয় বিশ্বশক্তি বহুল প্রতীক্ষিত ওই চুক্তির জন্য এক সপ্তাহ সময় বাড়িয়ে দেয়। খবর এএফপি ও রয়টার্সের।
সমঝোতা বিলম্বিত হলেও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আশাবাদ উচ্চারণ করে বলেন, তাঁর ধারণা, ১৩ বছরের অচলাবস্থার অবসান ঘটানোর জন্য একটি চুক্তি এখন নাগালের মধ্যে। লাভরভ গতকাল ভিয়েনার আলোচনায় উপস্থিত ছিলেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের বোমা তৈরির সব পথ বন্ধ করা না হলে কোনো চুক্তি হবে না। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট রুহানিও বলেছেন, পাশ্চাত্য অঙ্গীকার ভঙ্গ করলে তাঁর দেশ পরমাণু কর্মসূচি আবার শুরু করবে।
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির চূড়ান্ত চুক্তির পূর্বনির্ধারিত সময়সীমা গতকাল মঙ্গলবার শেষ হয়। আগে থেকেই বোঝা যাচ্ছিল, আলোচনা আরও কয়েক দিন গড়াতে পারে। তবে চুক্তি হোক আর না হোক, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ নিয়ে নিজ দেশে রাজনৈতিক চাপের মুখে পড়তে যাচ্ছেন বলেই বিশ্লেষকদের ধারণা।
আন্তর্জাতিক অবরোধের কারণে ইরানের অর্থনীতি প্রায় নিস্তেজ। অর্থনীতিকে চাঙা করতে তাই তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট সংকট নিরসনের চেষ্টা করছে সরকার। দুই বছর ধরে সমঝোতায় পৌঁছার চেষ্টা করছেন রুহানি।
তবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ছয় জাতির সঙ্গে চূড়ান্ত চুক্তি হলেও রুহানির ভবিষ্যৎ রাজনীতির পথ উজ্জ্বল হবে, এমন নিশ্চয়তা নেই। বরং আশঙ্কা করা যায়, বিরোধীদের প্রবল চাপের মুখে পড়বেন তিনি।
আগামী বছরের ফেব্রুয়ারিতে ইরানে পার্লামেন্ট নির্বাচন। তাতে উদারপন্থী ভোটাররা রুহানির সমর্থকদের ভোট দিতে পারেন। যাঁরা সমর্থন করেন যে তেহরান আন্তর্জাতিক অবরোধ থেকে বেরিয়ে আসুক। কিন্তু বিগড়ে যেতে পারেন রক্ষণশীল ভোটাররা। তাঁরা মনে করেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর চাপের মুখে তেহরানের নতি স্বীকার করা উচিত নয়। কোনো অবস্থাতেই তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা ঠিক হবে না। এই ভোটাররা হয়তো রুহানির বিরোধীদের ভোট দেবেন।
রক্ষণশীল বিশ্লেষক আমির মোহেবিয়ান বলেছেন, ইরানি নাগরিকেরা বাস্তবসম্মত ফলাফল দেখতে চান। অনেকে মনে করেন, পরিস্থিতি আদৌ পাল্টায়নি। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা চুক্তি একটা খেলা ছাড়া আর কিছু নয়। তাই সমঝোতা চুক্তি চূড়ান্ত হলে জনগণের জয়ের কিছু নেই। এই ধারণা সরকারবিরোধীদের পালে সমঝোতাবিরোধী হাওয়া দিচ্ছে। রুহানির সমালোচনাকারীরা হয়তো মন্তব্য করবেন, ‘আপনি তো কিছুই অর্জন করেননি।’