
আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী কিউবার বিপ্লবের অন্যতম নেতা চে গুয়েভারা হত্যার পঞ্চাশতম বার্ষিকী এ বছর ৯ অক্টোবর। অমর সেই বিপ্লবীর মৃত্যুবার্ষিকী সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে। জাপানে এ উপলক্ষে আজ ৯ আগস্ট বুধবার টোকিওর ফটোগ্রাফিক মিউজিয়ামে শুরু হচ্ছে চে গুয়েভারার নিজের তোলা ছবির প্রদর্শনী।
চে গুয়েভারা যে ছবি তুলতে পছন্দ করতেন, তা অজানা তথ্য নয়। তবে এই ছবি তোলা বা ফটোগ্রাফিকে কতটা আন্তরিকতা ও পেশাদার অবস্থান থেকে তিনি গ্রহণ করেছিলেন, তা অবশ্য অনেকের অজানা। টোকিওতে ব্যতিক্রমী এই প্রদর্শনী বিপ্লবের মহানায়কের ভিন্ন এক পরিচয় তুলে ধরবে। প্রদর্শনী চলবে ২৭ আগস্ট পর্যন্ত। এতে স্থান পাবে ২৪০টি ছবি, যার সবই চে গুয়েভারার তোলা। ছবিগুলো তুলেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে। সেই সব ছবির মধ্যে জাপানে তোলা কয়েকটি ছবিও আছে। তাই বলা যায়, মৃত্যুর পঞ্চাশতম বছরে ভিন্ন এক পরিচয় নিয়ে তিনি জাপানে আসছেন। চের তোলা ছবিগুলো এত দিন সংরক্ষিত ছিল তাঁর স্মরণে হাভানায় গড়ে ওঠা জাদুঘর ও গবেষণাকেন্দ্র সেন্ত্রো দে এসতুদিয়স চে গেভারায়। সেখান থেকে ছবিগুলো নিয়ে ইতিমধ্যে জাপানে পৌঁছেছেন তাঁর বড় ছেলে কামিলো। পঞ্চান্ন বছর বয়সী কামিলো জাপানে এসেই ছুটে গেছেন হিরোশিমায় আণবিক বোমা হামলার ৭২তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে। তাঁর হিরোশিমায় যাওয়ার আরেকটি কারণ হলো, তাঁর বাবা ওই শহর ভ্রমণে এসেছিলেন ১৯৫৯ সালে এবং হিরোশিমার বেশ কয়েকটি ছবি সেখানে তিনি তুলেছিলেন। টোকিওর প্রদর্শনীতে সেই সব ছবিও স্থান পাচ্ছে, যার মধ্যে একটি ছবি হচ্ছে শান্তি স্মৃতি উদ্যানে মাত্র গড়ে ওঠা স্মৃতিসৌধকে সামনে রেখে দাঁড়িয়ে থাকা আণবিক বোমা গম্বুজের বিধ্বস্ত ভবন। হিরোশিমা ভ্রমণ করার পর আপনজনদের কাছে লেখা এক পোস্টকার্ডে চে উল্লেখ করেছিলেন, ‘শান্তির জন্য আরও ভালো প্রস্তুতি নিয়ে সংগ্রাম করতে হলে হিরোশিমার দিকে অবশ্যই তাকিয়ে দেখা উচিত।’

জাপানের বার্তা সংস্থা কিওদো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে চে-পুত্র কামিলো বলেন, অন্যের মুখ থেকে শুনে চেকে জানার দরকার নেই। তাঁর তোলা ছবি এবং তাঁর লেখাই এই বিপ্লবীর সঠিক পরিচয় তুলে ধরতে সক্ষম। এদিকে, চের মৃত্যুবার্ষিকীর মাস অক্টোবরে জাপানে মুক্তি পাচ্ছে তাঁর অরণ্য যোদ্ধা দলের জাপানি বংশোদ্ভূত এক সদস্যের ওপর নির্মিত এর্নেস্তো শিরোনামের একটি চলচ্চিত্র।