ছবিতে মদিনাসহ তিন সৌদি শহরে হামলা
সৌদি আরবের পবিত্র মদিনা নগরে আত্মঘাতী বোমা হামলায় চারজন নিরাপত্তাকর্মী নিহত ও পাঁচজন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
গতকাল সোমবার ইফতারের সময় পবিত্র মসজিদে নববির কাছে এ হামলা হয়। এটি ইসলামের সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি। এ ছাড়া সৌদি আরবের আরও দুটি স্থানে গতকাল আত্মঘাতী বোমা হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটে।

পবিত্র মদিনা নগরে হামলাস্থলে জড়ো হয়েছেন মুসল্লিরা।

সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীর মরদেহ ঢেকে রাখা হয়েছে।

হামলাস্থল পরিদর্শন করছেন সৌদি আমির ফয়সাল বিন সালমান বিন আব্দুলাজিজ (বাঁয়ে) ও নিরাপত্তা কর্মকর্তারা।

স্থানীয় হাসপাতালে হামলায় আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে গিয়েছেন সৌদি আমির ফয়সাল বিন সালমান বিন আব্দুলাজিজ।

হামলাস্থল পরিদর্শনে সৌদি আমির ও নিরাপত্তাকর্মীরা।

হামলায় বিধ্বস্ত একটি গাড়ি।

হামলাস্থলে নিরাপত্তাকর্মীরা।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পবিত্র মসজিদে নববির কাছে এসে হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। মদিনার মসজিদে নববিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক অবস্থিত।
স্থানীয় আল-আরাবিয়া টিভি বলছে, নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করেই ওই হামলা হয়। কারণ, হামলাকারী নিরাপত্তাকর্মীদের সঙ্গে ইফতার করতে চেয়েছিল।
বিবিসির খবরে জানা যায়, হামলার সময় মসজিদের ভেতরে থাকা দক্ষিণ আফ্রিকা থেকে আসা কারি জায়াদ প্যাটেল বলেন, বিস্ফোরণের সময় মাটি কেঁপে ওঠে। মনে হচ্ছিল যেন ভবনটি ধসে পড়ছে।
এর আগে পূর্বাঞ্চলীয় শহর কাতিফে অন্তত একটি বোমার বিস্ফোরণ ঘটে। সেখানে অনেক শিয়া মুসলিমের বসবাস। এতে হামলাকারী নিহত হয়। এ ছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একই দিন জেদ্দায় মার্কিন কনস্যুলেটের কাছে এক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। তবে এতে হামলাকারী ছাড়া কেউ নিহত হয়নি। তবে দুজন নিরাপত্তাকর্মী আহত হন।