ছয় বিশ্বশক্তির সঙ্গে চুক্তি অনুমোদন করল ইরানের পার্লামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের করা চুক্তি অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। তুমুল বিতর্কের পর গতকাল মঙ্গলবার চুক্তিটি অনুমোদন করা হয়। খবর এএফপির।
গত ১৪ জুলাই ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের ওই চুক্তি হয়। চুক্তির ফলে ইরানের পরমাণু কর্মসূচি সংকুচিত হচ্ছে। বিনিময়ে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে পশ্চিমারা। এই চুক্তি নিয়ে ইরান সরকার যেমন দেশটির কট্টরপন্থীদের বিরোধিতার মুখে পড়েছে, তেমনি যুক্তরাষ্ট্রও কংগ্রেসে কট্টরপন্থীদের বিরোধিতার মুখে পড়েছে।
ইরানের পার্লামেন্টে কট্টরপন্থীদের বিরোধিতা সত্ত্বেও গতকাল চুক্তির পক্ষে ১৬১ ভোট পড়ে। বিরুদ্ধে পড়ে ৫৯ ভোট। ভোট দানে বিরত থাকেন ১৩ জন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে চুক্তির অনুমোদন বিষয়ে ভোটাভুটির সময়টুকু সম্প্রচার করা হয়নি। তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পার্লামেন্টের কোনো কোনো সদস্য চিৎকার করে বিলের বিরোধিতা করেন। মতামত বিবেচনায় নেওয়া হয়নি বলেও অনেক সদস্য ক্ষোভ প্রকাশ করেন।
ইরানের পরমাণু কূটনীতির তীব্র সমালোচক ছিলেন পার্লামেন্ট সদস্য হামিদ রাসেই। সামাজিক যোগাযোগের একটি মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পার্লামেন্টে তাঁকে বলতে শোনা যায়, ‘রাষ্ট্রীয়ভাবে আইনের লঙ্ঘন করা হলো। পার্লামেন্ট ভাঁওতাবাজির একটি জায়গায় পরিণত হয়েছে।’ পার্লামেন্ট সদস্য মেহেদি কোচাকজাদেকে বলতে শোনা যায়, ‘এটা কারও সিদ্ধান্ত নয়। এটা লারিজানির সিদ্ধান্ত।’ ইরানের পার্লামেন্টের স্পিকার আলী লারিজানি তাঁকে কথা বলতে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এ কথা বলেন কোচাকজাদে।
পারমাণবিক কর্মসূচির বিষয়ে প্রায় দুই বছর টানা কূটনৈতিক তৎপরতার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও জার্মানির সঙ্গে চুক্তিতে পৌঁছায় ইরান।