ছুরি মেরে মার্কিন রাষ্ট্রদূতকে জখম

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্ক লিপার্টের ওপর গতকাল বৃহস্পতিবার হামলা হয়েছে। ছুরি মেরে রাষ্ট্রদূতের মুখ ও হাত জখম করেছেন একজন কোরীয় জাতীয়তাবাদী কর্মী। হামলার সময় বিভক্ত কোরীয় উপদ্বীপের পুনরেকত্রীকরণের পক্ষে চিৎকার করে কথা বলেন ওই কর্মী। খবর এএফপি ও বিবিসির।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও চিকিৎসকদের ভাষ্যমতে, ৪২ বছর বয়সী রাষ্ট্রদূত লিপার্ট গতকাল সকাল সাড়ে সাতটায় রাজধানী সিউলে একটি শিল্পকলা কেন্দ্রে এক প্রাতরাশ বৈঠকে অংশ নেন। ঘটনার সময় নাশতার টেবিলেই বসে ছিলেন রাষ্ট্রদূত। এ সময় ১০ ইঞ্চি লম্বা ছুরি নিয়ে তাঁর ওপর আচমকা আক্রমণ করেন কিম কি-জং (৫৫) নামের এক ব্যক্তি। ছুরিকাঘাতে লিপার্টের মুখের ডান দিকে চার ইঞ্চির বেশি দীর্ঘ ও এক ইঞ্চির একটু বেশি গভীর ক্ষত সৃষ্টি হয়। এ জন্য ৮০টি সেলাই দিতে হয়। রাষ্ট্রদূতের বাঁ হাতেও ছুরিকাঘাত করা হয়।
কোরীয় উপদ্বীপকে আবার এক করার দাবি ছাড়াও গত সোমবার থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সামরিক মহড়ার বিরোধিতা করে চিৎকার করতে থাকেন হামলাকারী কি-জং। একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করেন।
হামলার ঘটনার পর প্রকাশিত ছবি ও ভিডিওফুটেজগুলোতে দেখা গেছে, রাষ্ট্রদূত লিপার্টের মুখ ও বাঁ হাত দিয়ে রক্ত ঝরছে। তিনি ডান হাতে মুখের ক্ষত চেপে ধরে আছেন। বাঁ হাতের ক্ষতটি কাপড় দিয়ে বাঁধা। তাঁর পরনের গোলাপি রঙের টাই ও সাদা জামাটি রক্তমাখা। ঘটনাস্থলের নাশতার টেবিলেও ছোপ ছোপ রক্তের দাগ।
চিকিৎসকেরা জানিয়েছেন, রাষ্ট্রদূত লিপার্টের মুখের আঘাতটি আরেকটু নিচে লাগলেই তাঁর মস্তিষ্কে রক্ত সরবরাহকারী প্রধান ধমনি দুটির একটি বিচ্ছিন্ন হয়ে যেতে পারত। এটি জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারত। ডান হাতের স্নায়ুকোষের কিছুটা ক্ষতি হলেও তার সফল অস্ত্রোপচার হয়েছে। লিপার্টকে তিন-চার দিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখতে হবে।
হাসপাতাল থেকে পাঠানো এক টুইটার বার্তায় রাষ্ট্রদূত লিপার্ট বলেছেন, তিনি ভালো আছেন। যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া জোট এগিয়ে নিতে শিগগিরই তিনি আবার কাজ শুরু করবেন।
সাবেক মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী লিপার্ট ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান।
হামলাকারীর পরিচয়: হামলাকারী কি-জং একজন জাতীয়তাবাদী রাজনৈতিক কর্মী হিসেবে দক্ষিণ কোরিয়ায় সুপরিচিত। সংখ্যায় কম হলেও দেশটিতে তাঁর মতো কিছু মানুষ রয়েছেন, যাঁরা উত্তর কোরিয়ার সঙ্গে পুনরেকত্রীকরণের পক্ষে। কি- জং একটি ছোট সংগঠন চালান, যারা দুই কোরিয়ার একত্রীকরণের পক্ষে প্রচারণা করে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার নিয়ন্ত্রণে থাকা একটি ছোট দ্বীপপুঞ্জের ওপর জাপানের দাবির বিরুদ্ধে নিয়মিত প্রতিবাদ-বিক্ষোভ করে থাকে। কি-জং এর আগে ২০১০ সালে দক্ষিণ কোরিয়ায় জাপানের রাষ্ট্রদূতকে লক্ষ্য করে পাথর ছুড়েছিলেন। এ ঘটনায় তাঁর তিন বছরের স্থগিত কারাদণ্ডও হয়েছিল।
মঙ্গলবার নিজের সংগঠনটির ব্লগে কি-জং লেখেন, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়া দুই কোরিয়ার একত্রীকরণের আলোচনা ও কোরীয় যুদ্ধের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোর মিলন বাধাগ্রস্ত করছে। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ২০০৬ ও ২০০৭ সালের মধ্যে কি-জং অন্তত ছয়বার উত্তর কোরিয়ায় গেছেন।
১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধ কেবল একটি অস্ত্রবিরতির মাধ্যমে থেমেছিল। এ জন্য কাগজে-কলমে তারা এখনো যুদ্ধে লিপ্ত। তবে বেশ কিছুদিন ধরে দুই কোরিয়ার একত্রীকরণের তৎপরতা আছে।
হামলার নিন্দা: রাষ্ট্রদূত লিপার্টের ওপর হামলার কড়া নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আর লিপার্টের আশু সুস্থতা কামনা করে তাঁকে প্রেসিডেন্ট বারাক ওবামা ফোন করেছেন বলে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটা যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সম্পর্কের ওপর আঘাত।