দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হান মিন-কুর ঠিকানায় মৃত্যুর হুমকি দিয়ে একটি চিঠি এসেছে। ওই চিঠির সঙ্গে একটি ছুরিও পাওয়া গেছে। প্রতিরক্ষামন্ত্রীকে মৃত্যুর হুমকি দিয়ে আসা এই চিঠির ব্যাপারে দেশটির পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে তদন্ত শুরু করেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ইন্টারন্যাশনাল পিস অ্যাকশন করপোরেশনের নাম দিয়ে ছুরিসহ মন্ত্রণালয়ে ওই চিঠি পৌঁছেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত সপ্তাহে মন্ত্রীর নামে একটি প্যাকেট আসে। প্যাকেটটি ছেঁড়া থাকায় সরবরাহের দায়িত্বে থাকা কর্মী এটি আবার প্যাকেট করতে যান। এ সময় চিঠি ও রান্নাঘরে ব্যবহার করার একটি ছুরি পাওয়া যায়।
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে উত্তর কোরিয়া কোনোভাবে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, উত্তর কোরিয়া যদি এ ব্যাপারে কোনো রকম উসকানি দিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী হান মিন-কু।
মন্ত্রণালয় জানায়, ইন্টারন্যাশনাল পিস অ্যাকশন করপোরেশনের নাম দিয়ে ওই চিঠিটি মন্ত্রণালয়ে আসে। তবে প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। চিঠিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকার কারণে মন্ত্রী ও তাঁর পরিবারকে শাস্তি দেওয়া হবে। এ ছাড়া চিঠির এক দিকে মন্ত্রীর নাম ‘হান মিন-কু’ ও আরেক দিকে ‘হত্যা’ শব্দটি লেখা ছিল।