জং-নাম হত্যার ঘটনায় উ. কোরিয়ার নাগরিকের মুক্তি

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎ ভাই কিম জং-নামকে বিষাক্ত রাসায়নিক (ভিএক্স নার্ভ এজেন্ট) প্রয়োগে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া উত্তর কোরিয়ার নাগরিককে মুক্তি দিয়েছে পুলিশ। রি জং চল নামে ওই নাগরিকের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ না পাওয়ায় তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, খুনের অভিযোগ থেকে তাঁকে মুক্তি দেওয়া হলেও অভিবাসন অপরাধের কারণে তাঁকে মালয়েশিয়া থেকে বিতাড়িত করা হবে। রি জং চল তিন বছর ধরে মালয়েশিয়ায় বাস করে আসছেন। দেশটির কর্মকর্তারা বলছেন, তাঁর কাছে বৈধ নথিপত্র নেই। এ কারণে তাঁকে মালয়েশিয়া থেকে বিতাড়িত করা হবে। বার্তা সংস্থা রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে, ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি তাঁর ওয়ার্ক পারমিটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
এদিকে নামকে হত্যার প্রায় তিন সপ্তাহ পর মালয়েশিয়া হামলায় শক্তিশালী ভিএক্স নার্ভ এজেন্ট ব্যবহারের নিন্দা জানিয়েছে। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এটা অত্যন্ত উদ্বেগের বিষয় ছিল। কারণ এটার ব্যবহার জনসাধারণের জীবন বিপন্ন করতে পারে।