জং-নামকে হত্যার পেছনে দুই মন্ত্রণালয়: দ. কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-নামকে হত্যা করিয়েছে বিচ্ছিন্ন দেশটির নিরাপত্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দেশটির আইনপ্রণেতারা এমনটাই দাবি করেন বলে রয়টার্সের খবরে জানানো হয়।

খবরে জানানো হয়, এ হত্যাকাণ্ডে উত্তর কোরিয়ার যে আটজনকে সন্দেহ করা হচ্ছে, তাঁদের মধ্যে নিরাপত্তা মন্ত্রণালয়ের চারজন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা রয়েছেন।

১৩ ফেব্রুয়ারি জং-নাম কুয়ালালামপুর বিমানবন্দরে ম্যাকাওগামী ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দুই নারী তাঁর মুখমণ্ডলে বিষাক্ত উপাদান ছড়িয়ে দেন। এরপর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই তাঁর মৃত্যু হয়। তাঁর লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রয়েছে।

মালয়েশিয়া পুলিশ জানায়, কিম জং-নামকে উচ্চমাত্রায় বিষাক্ত রাসায়নিক উপাদান (ভিএক্স নার্ভ এজেন্ট) দিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় ওই দুই নারী বর্তমানে আটক রয়েছেন। পুলিশ বলছে, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। ওই দুই নারী এ ব্যাপারে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন।

জং-নামের লাশ নিয়ে কুয়ালালামপুর ও পিয়ংইয়ংয়ের মধ্যে কূটনৈতিক বিরোধ শুরু হয়েছে। মালয়েশিয়া বলছে, জং-নাম হত্যায় উত্তর কোরীয় গুপ্তচরদের যোগসাজশ স্পষ্ট।

প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা গতকাল রোববার বলেছেন, উত্তর কোরিয়ার কাছে প্রায় পাঁচ হাজার টন রাসায়নিক অস্ত্রশস্ত্র রয়েছে। এসবের মধ্যে ভিএক্স নার্ভ এজেন্টও আছে।

তবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা গত বৃহস্পতিবার বলেছে, তাদের একজন নাগরিকের মৃত্যুর জন্য মালয়েশিয়াই দায়ী। তবে তারা নাগরিকের নাম প্রকাশ করেনি। তারা ওই ব্যক্তির লাশ ফেরত দেওয়ার বিষয়টিতে রাজনৈতিক রং চড়ানোর চেষ্টা করছে।

জং-নাম একসময় তাঁর বাবা উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং-ইলের সম্ভাব্য উত্তরসূরি ছিলেন। তবে পর্যায়ক্রমে তাঁর ছোট ভাই কিম জং-উন সেই জায়গা নিয়ে নেন। জং-নাম বহু বছর বিদেশে ছিলেন। তিনি কিম চোল নামের পাসপোর্ট নিয়ে মালয়েশিয়ায় গিয়েছিলেন।