জং-নামের মৃত্যু নিয়ে দুই নারীকে সন্দেহ পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-নামের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া দুই নারী জানতেন তাঁরা বিষপ্রয়োগে অংশ নিচ্ছেন। মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ আবু বকর আজ বুধবার এ তথ্য দেন।

এএফপির খবরে জানানো হয়, একজন সাংবাদিক ওই পুলিশ কর্মকর্তার কাছে জানতে চান, ওই দুই নারী যখন কিম জং-নামের কাছাকাছি এসেছিলেন, তখন কি তাঁদের হাতে বিষাক্ত পদার্থ ছিল? জবাবে খালিদ আবু বকর বলেন, ‘হ্যাঁ, অবশ্যই তাঁরা জানতেন।’ তিনি বলেন, ‘আপনি নিশ্চয়ই ভিডিওটি দেখেছেন। একজন নারী তাঁর হাত যেন শরীরে না লাগে, এমনভাবে দূরে রেখে প্রসাধনকক্ষে যান। হাঁটার সময় তিনি খুব সচেতন ছিলেন। কারণ, তিনি জানতে এটি বিষ এবং তাঁর হাত ধুতে হবে।’

দক্ষিণ কোরিয়ার টিভি চ্যানেল চোসান দাবি করেছে, দুজন নারী কিমকে সুই দিয়ে বিষ প্রয়োগ করে ট্যাক্সিতে করে পালিয়ে যান। চ্যানেলটির প্রতিবেদনে ওই দুই নারীকে উত্তর কোরিয়ার গোয়েন্দা বলে দাবি করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সরকারি সূত্রও এ দাবিকে সমর্থন করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের একটি সরকারি সূত্র বলেছে যে তারা মনে করে, উত্তর কোরিয়ার গোয়েন্দারাই এ ‘হত্যাকাণ্ড’ ঘটিয়েছে।

কুয়ালালামপুরের বিমানবন্দরে ১৩ ফেব্রুয়ারি জং-নাম নিহত হন। এ ঘটনার পর বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ দেখে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার পাসপোর্টধারী দুই নারীকে গ্রেপ্তার করা হয়। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম বলছে, উত্তর কোরিয়ার দুই নারী গুপ্তচর বিষপ্রয়োগে জং-নামকে হত্যা করেন।

উত্তর কোরিয়ার অনুরোধ সত্ত্বেও মালয়েশিয়া জং-নামের লাশ ফেরত দেয়নি। তারা বলছে, নিহত ব্যক্তির পরিবারের কেউ ডিএনএ নমুনা দিয়ে শনাক্ত করার পরই লাশ নিতে পারবেন। মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।