জঙ্গলের নিচে প্রাচীন শহর!
কম্বোডিয়ার গহিন অরণ্যে বিশাল সব মধ্যযুগীয় শহরের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। তাঁরা বলছেন, এসব শহরের কোনো কোনোটি রাজধানী নমপেন থেকেও আয়তনে বড়। এত দিন লোকচক্ষুর আড়ালে থাকা পুরোনো শহরগুলো কম্বোডিয়ার বিখ্যাত প্রাচীন মন্দিরের শহর আঙ্কর ভাটের কাছেই।
হেলিকপ্টার থেকে লেজার রশ্মি প্রযুক্তি দিয়ে জঙ্গলে দীর্ঘদিন অনুসন্ধান চালিয়ে মাটির নিচে এই শহরগুলোর খোঁজ পাওয়া গেছে বলে গবেষকেরা জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার প্রত্নতত্ত্ববিদ ডেমিয়েন ইভানসের নেতৃত্বে পরিচালিত এ গবেষণা বিষয়ে একটি প্রতিবেদন আগামীকাল সোমবার প্রত্নতত্ত্ববিষয়ক সাময়িকী জার্নাল অব আর্কিওলজিক্যাল সায়েন্স-এ প্রকাশিত হবে। এ প্রতিবেদনে বলা হয়েছে, শহরগুলো ৯০০ থেকে ১৪০০ বছরের পুরোনো।
ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিলের অর্থায়নে পরিচালিত গবেষণা দলের প্রধান ডেমিয়েন ইভানস বলেছেন, ১৯০১ বর্গকিলোমিটারের বিশাল এলাকাজুড়ে গত বছর ব্যাপক অনুসন্ধান চালানো হয়। কোনো প্রত্নতাত্ত্বিক প্রকল্পের জন্য আকাশ থেকে এত বড় সমীক্ষা আর কখনো করা হয়নি। প্রাপ্ত তথ্য-উপাত্ত থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বিশাল ও জনবহুল শহরগুলো সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যের অংশ ছিল। এর সর্বোচ্চ উন্নয়ন হয়েছিল দ্বাদশ শতকে।
লন্ডন ইউনিভার্সিটির অধ্যাপক পিটার শারোক বলেছেন, আঙ্কর ভাটের প্রাচীন খেমার মন্দিরগুলোর অদূরেই যে এমন ঘনবসতিপূর্ণ শহর ছিল, তা এই প্রথমবারের মতো জানা গেল। তিনি বলেছেন, ওই প্রাচীন শহরে পরিকল্পিতভাবে গ্রাম ও শহরের মেলবন্ধন তৈরি করা হয়েছিল। সুরম্য বাড়িঘরের পাশাপাশি বিভিন্ন ধরনের ভাস্কর্যও এখানে রয়েছে।