জঙ্গি নেতা জালালুদ্দিন হাক্কানি মারা গেছেন

হাক্কানি জঙ্গি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানি মারা গেছেন। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আফগান তালেবান বিবৃতি দিয়ে জালালুদ্দিন হাক্কানির মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, কয়েক বছর ধরে অসুস্থতার পর মারা গেছেন জালালুদ্দিন।
আফগানিস্তানের একজন গুরুত্বপূর্ণ জঙ্গি নেতা ছিলেন জালালুদ্দিন। তাঁর সঙ্গে তালেবান ও আল-কায়েদা উভয় জঙ্গি সংগঠনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
সাম্প্রতিক বছরগুলোয় আফগানিস্তানে বহু সুসংগঠিত হামলার পেছনে ছিল হাক্কানি নেটওয়ার্ক। আফগানিস্তানে ন্যাটো বাহিনীর ওপরও তারা হামলা চালিয়েছে।
জালালুদ্দিন হাক্কানির ছেলে ২০০১ সালে হাক্কানি নেটওয়ার্কের দায়িত্ব নেন বলে ধারণা করা হয়।
কবে, কখন, কোথায় জালালুদ্দিন হাক্কানি মারা গেছেন, সে সম্পর্কে কিছুই জানায়নি তালেবান। তাঁর মৃত্যু নিয়ে কয়েক বছর ধরেই গুজব শোনা যাচ্ছিল।