জঙ্গি হামলার মুখে 'মরুর ভেনিস' নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মরুর ভেনিস’খ্যাত সিরিয়ার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক কেন্দ্র পালমেইরা দখলে লড়াই জোরদার করেছে ইসলামি স্টেটের (আইএস) জঙ্গিরা। তারা গতকাল শনিবার এলাকাটির আশপাশে সিরীয় সেনাদের সঙ্গে লড়াই অব্যাহত রাখে। আশঙ্কা করা হচ্ছে, ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত পালমেইরা দখল করলে জঙ্গিরা সেখানকার কয়েক হাজার বছরের পুরোনো সব নিদর্শন ধ্বংস করে দেবে। খবর এএফপি ও বিবিসির।
খ্রিষ্টপূর্ব প্রথম শতাব্দীতে সিরিয়ার মরুর বুকে সমৃদ্ধি পায় পালমেইরা শহর। প্রাচীন এই শহরের বীর যোদ্ধারা একসময় রোমানদের প্রতিহত করেছিল। সেসব গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়ে আছে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। শহরটি রক্ষায় সিরিয়ার বিমানবাহিনী আইএস জঙ্গিদের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল পালমেইরা শহরের অদূরে প্রাচীন একটি দুর্গের কাছে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ হয়। এ ছাড়া শহরের একটি সামরিক গোয়েন্দা দপ্তরের কাছেও লড়াই হয়। শহরের পূর্ব দিকের একটি গ্যাসক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে জঙ্গিরা লড়াই করছে বলেও খবর পাওয়া গেছে। শুক্রবার পালমেইরা শহরের বাইরে বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর আইএস নয়টি শিশু ও পাঁচজন নারীসহ ২৩ জনকে হত্যা করে।
রামাদির শেষ ঘাঁটি: অন্যদিকে গতকাল পশ্চিম ইরাকের রামাদি শহরের সরকার-নিয়ন্ত্রিত সর্বশেষ ঘাঁটি দখলের চেষ্টা করে আইএস। রাজধানী বাগদাদ থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরের ওই শহরে দুই পক্ষের ভয়াবহ লড়াই হয়।
রামাদির মেয়র দালাফ আল-কুবাইসি বলেছেন, আত্মঘাতী তিন জঙ্গি অষ্টম ব্রিগেড ঘাঁটিতে হামলার চেষ্টা চালায়। এ সময় সাঁজোয়া যানও ছিল। তবে ট্যাংকের গোলা মেরে জঙ্গিদের প্রতিহত করা হয়।
আইএস জঙ্গিরা কয়েক মাস লড়াইয়ের পর গত শুক্রবার রামাদি শহরের প্রধান সরকারি দপ্তরের নিয়ন্ত্রণ নেয়। এর আগে প্রদেশের পুলিশ সদর দপ্তরসহ আশপাশে ওড়ানো হয় আইএসের পতাকা।
রামাদি শহরের ঘাঁটিটি রক্ষায় বাগদাদ থেকে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। পাশাপাশি সুন্নি আদিবাসী যোদ্ধারাও লড়াই করছে।