জঙ্গি হুমকি সত্ত্বেও ইরাকে মার্কিন হামলা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে গতকাল বৃহস্পতিবার নতুন করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলা অব্যাহত থাকলে জিম্মি আরেক মার্কিন সাংবাদিককে হত্যা করা হবে বলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা হুমকি দেওয়া সত্ত্বেও এই হামলা চালানো হয়। খবর বিবিসির।
গত মঙ্গলবার আইএসের প্রচারিত একটি ভিডিওতে জঙ্গিদের হাতে অপহৃত মার্কিন সাংবাদিক জেমস ফলির (৪০) শিরশ্ছেদ করার দৃশ্য দেখানো হয়। একই ভিডিওতে জঙ্গিরা হুমকি দেয়, যুক্তরাষ্ট্র বিমান হামলা বন্ধ না করলে তাদের হাতে জিম্মি থাকা আরেক মার্কিন সাংবাদিককেও একই পরিণতি বরণ করতে হবে।
তবে জঙ্গিদের ওই ভিডিওটি প্রকাশ করার পর থেকে গতকাল পর্যন্ত গুরুত্বপূর্ণ মসুল বাঁধের কাছে ১৪ দফা বিমান হামলা চালানো হয়েছে। গত সপ্তাহে সেটি পুনরুদ্ধার করে কুর্দিস্তানের পেশমেরগা বাহিনী।
‘ইরান প্রস্তুত’: ইরাকে আইএসবিরোধী আন্তর্জাতিক তৎপরতায় অংশ নিতে ইরান প্রস্তুত রয়েছে। তবে এর আগে তেহরানের ওপর আরোপিত পশ্চিমা অবরোধ তুলে নিতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জাফরি গতকাল এ কথা বলেছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়।