জঙ্গি 'জিহাদি জনের' মৃত্যু নিশ্চিত করল আইএস

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য মোহাম্মাদ ইম-ওয়াজির মৃত্যুর খবর নিশ্চিত করেছে গোষ্ঠীটি। শিরশ্ছেদের ভিডিওর সূত্রে বিশ্বব্যাপী ‘জিহাদি জন’ নামে পরিচিত হয়ে উঠেছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত এই জঙ্গি। খবর বিবিসির।
আইএসের মুখপত্র দাবিক সাময়িকী গতকাল বুধবার ব্রিটিশ নাগরিক জিহাদি জনের মৃত্যুর খবরটি নিশ্চিত করে। গত নভেম্বরে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী দাবি করে, সিরিয়ার রাকায় তাদের বিমান হামলায় নিহত হন মোহাম্মাদ ইমওয়াজি। অনলাইন সাময়িকী দাবিক জিহাদি জনের মৃত্যুতে এক শোক সংবাদ প্রকাশ করায় আইএসের পক্ষ থেকেও মৃত্যুর খবরটি নিশ্চিত করা হলো।
আইএসের প্রচার-প্রচারণাসংবলিত বিভিন্ন ভিডিও দৃশ্যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল কুয়েতে জন্মগ্রহণকারী ইমওয়াজির। এই ভিডিওগুলোর মধ্যে ছিল ব্রিটিশ ত্রাণকর্মী ডেভিড হেইন্স ও ট্যাক্সিচালক অ্যালান হেনিং, মার্কিন সাংবাদিক স্টিভেন সটলফ, মার্কিন ত্রাণকর্মী আবদুল-রহমান কাসিগ ওরফে পিটার ও জাপানি সাংবাদিক কেনজি গোতোর নির্মম শিরশ্ছেদের ভিডিও দৃশ্য।