জঙ্গিগোষ্ঠী আইএসের প্রধান বাগদাদি আহত?
মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি গুরুতর আহত হয়েছেন বলে গার্ডিয়ান-এর খবরে বলা হয়েছে। খবরে বলা হয়, ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় তিনি গুরুতর আহত হন। খবর এএফপির।
আইএসের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র জানায়, গত মার্চ মাসে বাগদাদি আহত হন। হামলার পর প্রথম দিকে তাঁর জীবনে সংশয় দেখা দিয়েছিল। তবে এরপর খুব ধীরে হলেও তিনি কিছুটা সেরে উঠেছেন। তবে এখনো সংগঠনকে নিয়মিত দেখভাল করতে পারছেন না। বাগদাদি আহত হওয়ার পর আইএসের নেতারা নতুন নেতা নির্বাচনের জন্য জরুরি বৈঠক করেন। কারণ, তাঁরা মনে করেছিলেন, আহত বাগদাদি মারা যেতে পারেন।
একজন পশ্চিমা কূটনীতিক ও ইরাক সরকারের একজন উপদেষ্টা নিশ্চিত করেছেন, গত ১৮ মার্চ সিরিয়া সীমান্তের কাছের জেলা নিনেভের আল-বাজ এলাকায় বাগদাদি পশ্চিমা নেতৃত্বাধীন জোটের হামলায় আঘাত পান। ওই কূটনীতিক নিশ্চিত করেছেন, ওই দিন তিন গাড়ির একটি বহরের ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয় আইএস জঙ্গিরা ওই হামলার লক্ষ্যবস্তু ছিল। হামলায় তিনজন মারা যায়। তবে ওই গাড়িগুলোয় যে বাগদাদি ছিলেন, সেটি জানা ছিল না যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর।
এর আগে গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে দুবার বাগদাদির আহত হওয়ার খবর প্রচারিত হয়েছিল।
হত্যার দাবি: ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা ইরাকে সরকারপন্থী ১১ যোদ্ধাকে হত্যার দাবি করেছে। গতকাল মঙ্গলবার অনলাইনে কয়েকটি ছবি প্রকাশ করে তারা এই দাবি করে। প্রথম ছবিতে দেখা যায়, মুখোশ পরিহিত অস্ত্রধারীরা একটি মাঠের ওপর দিয়ে কয়েকজনকে ধরে নিয়ে যাচ্ছে। পরের ছবিতে ওই আটক ব্যক্তিদের হাত বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়। আর শেষ ছবিতে দেখা যায়, তাদের মৃতদেহ পড়ে আছে। মাটিতে বয়ে যাচ্ছে রক্ত। ছবির সঙ্গে সংযুক্ত লেখা অনুযায়ী বাগদাদের উত্তরে সালাহউদ্দিন প্রদেশে এ হত্যাকাণ্ড ঘটে। হত্যার শিকার ওই যোদ্ধারা আধাসামরিক শিয়া বাহিনী পপুলার মোবিলাইজেশনের সদস্য বলে উল্লেখ করা হয়। এএফপি।