জঙ্গিদের বিরুদ্ধে দীর্ঘ ও কঠিন লড়াই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দেশটির সিনাই উপদ্বীপে জিহাদি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘দীর্ঘ ও কঠিন লড়াই’ হবে বলে গত শনিবার হুঁশিয়ারি দিয়েছেন। খবর এএফপি ও বিবিসির।
সিনাইয়ে গত বৃহস্পতিবার রাতে জঙ্গিদের সমন্বিত কয়েকটি হামলায় অন্তত ৩২ সেনা ও পুলিশসদস্য নিহত হন। ওই হামলার এক দিন পর সিসি রাষ্ট্রীয় টেলিভিশনে এ ব্যাপারে প্রথম মন্তব্য করেন।
আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইথিওপিয়া যাওয়া সিসি সিনাইয়ে হামলার পর সফর সংক্ষেপ করে দেশে ফেরেন। সাবেক সেনাপ্রধান ফিল্ড মার্শাল সিসি শনিবার সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পরিষদের সভায় সভাপতিত্ব করেন। সিনাই এলাকায় জঙ্গি হুমকি মোকাবিলায় নতুন সামরিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
মিসরের দীর্ঘদিনের স্বৈরশাসক হোসনি মোবারক ২০১১ সালে গণ-আন্দোলনে ক্ষমতা হারানোর পর থেকে সিনাইয়ের পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যেতে থাকে। সামরিক বাহিনী ২০১৩ সালে নির্বাচিত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করার পর থেকে জঙ্গিরা সিনাইয়ে নিয়মিত হামলা করতে থাকে। জনবিরল এ বিশাল ভূখণ্ডে জঙ্গি হামলায় শত শত পুলিশ ও সেনাসদস্য নিহত হয়েছেন।
হামাসের সশস্ত্র শাখা নিষিদ্ধ: ফিলিস্তিনি কট্টরপন্থী সংগঠন হামাসের সশস্ত্র শাখাকে শনিবার সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছেন মিসরের একটি আদালত। হামাসনিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে সিনাইয়ের উত্তরাঞ্চলে অস্ত্র চোরাচালান হয় বলে মিসরের কর্মকর্তারা নিয়মিত অভিযোগ করেন।