জঙ্গিদের সঙ্গে গুলিবিনিময় কানাডার সেনাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের ওপর রোববার গুলি চালিয়েছে কানাডার সেনারা। আইএসের সঙ্গে পশ্চিমা কোনো দেশের সেনাদের এটাই প্রথম স্থলযুদ্ধ বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।
কানাডার বিশেষ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাইকেল রাউলি গত সোমবার বলেন, তাঁদের সেনারা আত্মরক্ষার্থে দূর থেকে গুলি চালিয়েছে। এতে কেউ হতাহত হয়নি।
ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বর্তমানে লড়াইরত রয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট। তবে এ জোট মূলত বিমান হামলা চালাচ্ছে এবং ইরাকের সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহায়তা করছে। আইএসবিরোধী এই লড়াইয়ে কানাডার ৬০০ সেনা অংশ নিচ্ছে।
ব্রিগেডিয়ার রাউলি বলেন, ‘আমাদের সেনারা সীমান্তরেখার কয়েক কিলোমিটার ভেতরে ইরাকের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করে। বৈঠকের পর পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কিছুক্ষণ পরই তাঁরা গোলা ও মেশিনগানের হামলার শিকার হন। এরপর সেনারা দূর থেকে গুলি চালিয়ে কোনো রকম হতাহতের ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই প্রথমবার আমাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটল।’
জাপানি ‘জিম্মি’ হত্যার হুমকি: জাপানি দুই ‘জিম্মি’র একটি ভিডিও প্রকাশ করেছে আইএস। এতে বলা হয়েছে, দুজনের মুক্তির বিনিময়ে ২০ কোটি মার্কিন ডলার মুক্তিপণ দিতে হবে। তা না হলে তাঁদের হত্যা করা হবে। ভিডিওটির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘটনার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি দু্ই নাগরিককে রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আবে বলেন, তাঁদের জীবন বাঁচানোর বিষয়টি তাঁর কাছে ‘সর্বাধিক অগ্রাধিকার’। তবে জাপান সন্ত্রাসীদের ভয়ে ভীত হয়ে পড়বে না।